গাইবান্ধায় জেএমবি’র ৫ কোটি টাকার সম্পদ পরিত্যক্ত
জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) শীর্ষ স্থানীয় নেতা সিদ্দিকুল ইসলাম, ওরফে বাংলা ভাইয়ের শ্বশুরবাড়ি এলাকা গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ও জুমারবাড়ি ইউনিয়নে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িতরা গা ঢাকা দেওয়ায় ওই বিশাল অংকের সম্পদ এখন মালিকানাবিহীন।
এ সব পরিত্যক্ত সম্পদের মধ্যে রয়েছে একটি কওমী মাদ্রাসার বিশাল মাঠসহ তিনতলা ভবন, বিভিন্ন মৌজায় ২২ বিঘা কৃষি ও ১৬ বিঘা বাণিজ্যিক জমি।
খোঁজ নিয়ে জানা যায়, জেএমবি নেতা আসাদুল্লাহ আল গালিব ও শায়খ আব্দুর রহমান ওই এলাকায় তৌহিদ ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠান গঠন করে এসব সম্পত্তি কেনে। ১৯৯৮ সালে কুয়েতি অর্থায়নে কামালের পাড়া ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামে কওমী মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়।
শায়খ আব্দুর রহমানের ঘনিষ্ট সহচর জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দিকপাইক গ্রামের রফিকুল ইসলামকে দেওয়া হয় ওই মাদ্রাসার সুপারের দায়িত্ব। ওই সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদ্রাসাটিকে ঘিরেই জেএমবির ক্যাডার রিক্রুটমেন্ট ও প্রশিক্ষণ কার্যক্রম চালানো হতো।
তবে পুলিশি তৎপরতার পর থেকে এই মাদ্রাসা ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
জেএমবি’র অর্থে কেনা কৃষি জমিগুলো স্থানীয় কৃষকদের মধ্যে বর্গা দেওয়া হয়েছে। বর্গাচাষীরা উৎপাদিত ফসলের নির্ধারিত অংশ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে আসছিলো। এ বছর জমির উৎপাদিত ফসলের জমার কি হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
এ সব সম্পত্তির তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত রেজাউল করিমসহ তৌহিদ ট্রাস্টের অন্যান্য সদস্যরাও এলাকা থেকে গা ঢাকা দিয়েছে।
