সংস্কার ইস্যুতে আওয়ামী লীগকে বিএনপির দ্বিতীয় চিঠি, ১০ সদস্যের কমিটি গঠনের রূপরেখা
ক্ষমতাসীন বিএনপি বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচনী আইন সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার জন্যে ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের একটি রূপরেখা দিয়েছে।
শুক্রবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিলের চিঠির জবাবে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এ রূপরেখার প্রস্তাব দেন।
ওই কমিটিতে সরকারি জোট ও বিরোধী জোট থেকে পাঁচজন করে সদস্য নেয়ার কথা বলা হয়েছে।
এর আগে ২০ মার্চ বিএনপির পক্ষ থেকে দলীয় মহাসচিব মান্নান ভূঁইয়া আলোচনার প্রস্তাবসহ একটি চিঠি আব্দুল জলিলকে দেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জলিল ওই চিঠির বেশ কিছু অস্পষ্ট বিষয়ের সুষ্পষ্ট ব্যাখ্যা চেয়ে ২২ মার্চ পাল্টা চিঠি দেন । এতে সুনির্দিষ্ট চারটি বিষয়ে স্পষ্ট করে সরকারের বক্তব্য চাওয়া হয়।
এর ৯ দিন পর মান্নান ভূঁইয়া আওয়ামী লীগের কাছে ফিরতি চিঠি পাঠালেন।
বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ও সহ প্রচার সম্পাদক আহমেদ মুসা শুক্রবার বিকেলে আব্দুল জলিলের গুলশানের বাসভবনে তার হাতে বিএনপির দ্বিতীয় চিঠিটি হস্তান্তর করেন।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সহ - সম্পাদক এসএম কামাল হোসেন উপস্থিত ছিলেন।
পরে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া তার বেইলি রোডের সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে চিঠির জবাবের ব্যাপারে আওয়ামী লীগের ইতিবাচক সাড়ার জন্যে ধন্যবাদ জানান।
তিনি বলেন, তাদের চিঠির জবাবে স্পষ্ট করেই আমরা কমিটির রূপরেখা তুলে ধরেছি। এতে ১০ সদস্যের কমিটি গঠনের কথা বলা হয়েছে। সরকার ও বিরোধী দল উভয়েই তাদের মনোনীত সদস্যদের নাম দেবে। সাংসদ নন এমন নীতিনির্ধারক সদস্যদেরও এ কমিটিতে মনোনীত করা যাবে। খোলা মন নিয়ে আলোচনার মাধ্যমে আমরা সব সমস্যার সমাধান করবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া বলেন, বিরোধী দল চায় তাদের জোটের নেতাদের কমিটিতে রাখতে। তারা রাখলে সরকারও শরীক দলের নেতাদের কমিটিতে রাখবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনার জন্যে সুষ্ঠু পরিবেশের দরকার। আমরা আলোচনার পরিবেশ সুষ্ঠু রাখতে চাই। বিরোধী দলকেও আলোচনার পরিবেশের জন্যে সংঘাতময় কর্মসূচি থেকে বিরত থাকতে হবে। আন্দোলনে বিএনপি ভয় পায়না। আর তারা যে আন্দোলন করছে তাতে জনগণের কোনো সমর্থন নেই। তাই আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে।
সংস্কারের কোনো প্রয়োজন নেই বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা অস্বীকার করে তিনি বলেন, প্রধানমন্ত্রী এমন কোনো কথা বলেননি। তিনি বলেছেন, তারা ক্ষমতায় থাকতে কেনো সংস্কার করেননি।
এর আগে বিকেল ৪টায় চিঠি গ্রহনের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, চিঠি আসবে, চিঠি যাবে। কিন্তু আন্দোলনের মাধ্যমেই সংস্কার ইস্যুতে জনগণের বিজয় ছিনিয়ে আনা হবে। প্রয়োজন হলে আলোচনা করবো।
তিনি বলেন, বৃহস্পতিবার সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচির আগে এই চিঠি এলে ভাল হতো। কারণ ওই কর্মসূচি থেকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সরকারকে ‘না’ বলে দিয়েছে। আর তাই আজ (শুক্রবার) তারা চিঠি পাঠালো।
তিনি আরো বলেন, তারপরও আমরা ১৪ দল বসে চিঠির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবো। এ ব্যাপারে বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আমরা কথা বলবো এবং তার পরেই চিঠির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
আব্দুল জলিল সন্ধ্যায় সুধাসদনে দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চিঠির বিষয়ে আলোচনা করেন বলে একটি সূত্র বিডিনিউজকে জানিয়েছে।
