বিএনপির আশা ১০ সদস্যর কমিটি, শিগগিরই আলোচনা
বিএনপি আশা করছে, সংস্কারের বিষয়ে বিরোধী দল শিগগিরই কমিটি গঠন করার জন্য প্রতিনিধিদের নামের তালিকা দেবে এবং ওই তালিকার ভিত্তিতে দ্রুত আলোচনা শুরু হবে।
এতে উভয়পক্ষের পাঁচজন করে ১০ সদস্যর কমিটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়।
স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া শুক্রবার বিকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়কারী আব্দুল জলিলকে দেওয়া দ্বিতীয় দফা চিঠিতে ওই আশা প্রকাশ করা হয়।
চিঠিতে বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, ২২ মার্চ জলিলের পাঠানো চিঠি প্রসঙ্গে।
এতে মান্নান ভূঁইয়া বলেন, প্রিয় মহোদয়, শুভেচ্ছা নিন। গত ২০ মার্চ পাঠানো আমার চিঠির জবাবের জন্য আন্তরিক ধন্যবাদ। এই চিঠির মাধ্যমে আলোচনার ব্যাপারে আপনাদের ইতিবাচক সাড়া আশাব্যাঞ্জক।
এতে তিনি বলেন, আপনার চিঠি যখন আমাদের হাতে আসে, তখন আমাদের দলের চেয়ারপার্সন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা খালেদা জিয়া ভারত সফরে ছিলেন। তিনি সেখান থেকে ফেরার পর পূর্বনির্ধারিত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাঁর ব্যস্ততার ফলে বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আলোচনা করতে বিলম্ব হওয়ায় আপনার চিঠির উত্তর দিতে কিছুটা দেরী হলো।
চিঠিতে তিনি আরো বলেন, আপনার চিঠিতে যে সব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, এর পরিপ্রেক্ষিতে আমাদের বক্তব্য হচ্ছে, একটি সুষ্ঠু ও ফলপ্রসু আলোচনার স্বার্থে কমিটির সদস্য সংখ্যা সীমিত রাখা বাঞ্ছনীয়। সেক্ষেত্রে আমাদের পক্ষে পাঁচজন এবং আপনাদের পক্ষে পাঁচজন সদস্য নিয়ে কমিটি গঠন হলে ভাল হয়।
চিঠিতে মান্নান ভূঁইয়া বলেন, নীতিনির্ধারক পর্যায়ের সদস্যদের নিয়ে কমিটি গঠিত হলে আলোচনা ফলপ্রসু হবে বলে আমরা মনে করি। সেদিকে লক্ষ্য রেখে আপনদের দল ও জোটের পাঁচজন সদস্যর নাম পাঠানো অনুরোধ জানাচ্ছি। সংসদ সদস্য নন, এমন কাউকে আপনাদের প্রতিনিধ মনোনয়ন দিতে চাইলেও আলোচনার বৃহত্তর স্বার্থে আমাদের আপত্তি থাকবে না।
এতে তিনি বলেন, আলোচনার সময়সীমাসহ অন্য যে সব বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, সেগুলি কমিটিই আলোচনা করে ঠিক করে নিতে পারবে বলে আমরা মনে করি।
তিনি বলেন, আমরা আশা করছি, সত্ত্বর আপনাদের পক্ষের প্রতিনিধির নামের তালিকা পেয়ে যাবো এবং তাদের সমন্বয়ে গঠিত কমিটি দ্রুত আলোচনা করতে সক্ষম হবে।
