সচিবালয়ের সামনে ১৪ দলের অবস্থান বানচালে করতে পুলিশি অ্যাকশন, নগরীর বি¯তৃত এলাকা রণক্ষেত্র, শতাধিক আহত
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি বানচাল করতে ব্যাপক পুলিশি অ্যাকশনে বৃহস্পতিবার সাংবাদিক, পথচারি এবং সাবেক সাংসদ হাজী মোহাম্মদ সেলিমসহ শতাধিক বিরোধী নেতা--কর্মী আহত হয়েছে।
পুলিশি বাধাকে কেন্দ্র করে বিক্ষোভকারী ও আইন--শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে ধাওয়া--পাল্টা ধাওয়া, ইট--পাটকেল নিক্ষেপ, লাঠিচার্জ এবং রাবার বুলেট ও দু’শতাধিক রাউন্ড টিয়ার গ্যাস শেল ছোঁড়ার ঘটনায় জিরো পয়েন্ট, জিপিও, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পল্টন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, গুলিস্তান, কাপ্তানবাজার, নবাবপুর এলাকাসহ সচিবালয়ের প্রবেশপথগুলো রণক্ষেত্রে পরিণত হয়।
কাঁটাতারের বেড়া ও পুলিশি ব্যারিকেডের মুখে এসময় সচিবালয়সহ এর চারপাশের প্রায় চার কিলোমিটার এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারসহ বেশ কিছু দাবিতে এই অবস্থান কর্মসূচির ডাক দিয়েছিল।
শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা এবং গুলি বর্ষণ, টিয়ার শেল নিক্ষেপ, লঠিচার্জ ও অত্যাচার নির্যাতনের প্রতিবাদে ১৪ দল তাৎক্ষণিকভাবে বৃহস্পতিবার বিকেলে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় ও মহানগর নেতা--কর্মীরা বেলা ১১টায় সচিবালয়ের প্রবেশপথগুলোতে ব্যারিকেডের বাইরে অবস্থান নেন।
পুর্ব প্রস্তুতি অনুযায়ী নগরীর বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে। তারা পুলিশি ব্যারিকেডের বাইরে জমায়েত হয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। মূল জমায়েত হয় বঙ্গবন্ধু এভিনিউ, জিপিও, গুলিস্তান এলাকায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা জনারণ্যে পরিনত হয়। সর্বস্থরের জনতার ঢল নামে সচিবালয়ের চারপাশের রাজপথে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দক্ষিণ গেটে রাস্তার ওপর ট্রাকে নির্মিত মঞ্চে ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে টাঙানো হয় মাইক।
সমাবেশ চলাকালে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি’র বক্তব্য রাখার সময় বেলা সোয়া ১২টার দিকে দোয়েল চত্বরে পুলিশি হামলার খবর এই সমাবেশস্থলে পৌঁছলে হঠাৎ উত্তেজনার সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদের বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জিরো পয়েন্টে পুলিশের সঙ্গে ১৪ দলের অবরুদ্ধ কর্মীদের সংঘর্ষ বেধে যায়।
মারমুখি পুলিশ সমাবেশে অংশ নেওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে। উত্তেজিত কর্মীদের ইট--পাটকেল নিক্ষেপ এবং পুলিশের পাল্টা ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় চারদিকে আতংক ছড়িয়ে পড়ে। নেতা--কর্মীদের লক্ষ্য করে পুলিশের মুহুর্মুহু টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপে এখানেই প্রায় অর্ধশত নেতা--কর্মী ও সাংবাদিক আহত হয়।
প্রায় একই সঙ্গে পুরো গুলিস্তান এলাকায় পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘন্টাব্যাপী এই সংঘর্ষে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়েই ক্ষান্ত হয়নি। তারা বিভিন্ন গলিপথে আশ্রয় নেয়া নেতা--কর্মীদের ধাওয়া ও বেধড়ক লাঠিচার্জ করে।
এ সময় আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম টিয়ার শেলে মারাতœকভাবে আহত হন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া পুলিশের রাবার বুলেটে ১০/ ১২ জন আহত হয়। এছাড়াও সাংবাদিক ও শিশুসহ অন্তত ১০০ জন আহত হয়।
এছাড়াও মৎস্য ভবন, পুরানা পল্টন, বিজয়নগর এবং বায়তুল মোকাররম এলাকায় বিরোধী দলের নেতা--কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে।
এর আগে সকাল ১১টার দিকে কৃষক লীগের সভাপতি মির্জা আব্দুল জলিল ও ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদারের নেতৃত্বে একটি মিছিল দোয়েল চত্বরে অবস্থান নেয়। সোয়া ১১টার দিকে তারা পুলিশি বাধা অতিক্রমের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় মিছিলকারীরাও পুলিশের উদ্দেশে ইট--পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় এক পুলিশসহ প্রায় ২০ জন মিছিলকারী আহত হয়।
দুপুর ১২টার দিকে তারা আবারো সংগঠিত হয়ে মিছিল করে ব্যারিকেডের সামনে অবস্থান নেয়। সেখানে মির্জা জলিল ও লিয়াকত সিকদার বক্তব্য রাখেন। সমাবেশ শেষে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকার দিকে যাওয়ার সময় পেছন থেকে ইট নিক্ষেপ করা হলে পুলিশ দ্বিতীয় দফায় তাদের ওপর চড়াও হয়।
এ সময় পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে ও কমপক্ষে ৫০ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে ছাত্রলীগের শ্যামপুর থানা সহ--সভাপতি রাজু আহমেদ ও হাজারিবাগ থানার সাংগঠনিক সম্পাদক মজনুর রহমানসহ কমপক্ষে ৩০ জন আহত হয়।
এ ঘটনায় এসটিভির ক্যামেরাম্যান মামুন, সমকালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইশতিয়াক হোসেন ও মানবজমিনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রিয়াজুল ইসলামসহ কয়েকজন সাংবাদিক এবং পুলিশ সদস্য আহত হন।
পরে বিক্ষোভকারীরা আবারো সংগঠিত হওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সকালে বায়তুল মোকাররম এলাকায় স্বেচ্ছাসেবক লীগের একটি মিছিল কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় মিছিলের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অবশ্য পুলিশের ধাওয়ার মুখে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
বিজয় নগর কস্তুরী মোড়ে অ্যাডভোকেট সাহারা খাতুনের নেতৃত্বে অবস্থান নেয় ১৪ দলের নেতা--কর্মীরা। ‘কালো টাকা মুক্ত নির্বাচন, ‘সৎ ও যোগ্য মানুষের সংসদ চাই’ এমন দাবি জানানো হয় সমাবেশ থেকে।
বিরোধী দলের অবস্থান কর্মসূচি ঠেকাতে সরকার সচিবালয়ের পার্শ্ববর্তী প্রায় চার কিলোমিটার এলাকার মধ্যে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল।
সচিবালয়ের আশপাশে ও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিডিআর, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়ে আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়।
বুধবার রাত ১২টার পর থেকে পুলিশ সচিবালয় ও প্রেসক্লাব এলাকায় প্রবেশের সবগুলো পথে কাঁটাতারের ব্যারিকেড বসায়। ফলে রাজধানীর কেন্দ্রীয় বিশাল এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।
সকাল থেকেই ওইসব এলাকার ভেতরে প্রবেশ করতে সাধারণ মানুষকে বাধার সম্মুখীন হতে হয়। সচিবালয় বা সংশ্লিষ্ট এলাকায় অফিসগামী লোকজনকে পরিচয়পত্র প্রদর্শন করতে হয়। তবে পরিচয়পত্র দেখিয়েও ভেতরে প্রবেশের অনুমতি মেলেনি অনেকের।
সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও তার কাছে ক্যামেরা নেই কেন-- এই প্রশ্ন তুলে দৈনিক আমার দেশ’র রিপোর্টার জাকির হোসেনকে পল্টন মোড়ে পুলিশি লাঞ্ছনা এবং লাঠিপেটার শিকার হতে হয়।
নিষেধাজ্ঞা আরোপিত এলাকার ভেতরে পুলিশের পরিবহন ছাড়া কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি। ফলে পুরো এলাকা ছিল কার্যত যানবাহনশূন্য। এসব এলাকার সকল যানবাহনকে এসময় পুলিশ বিকল্প পথে ঘুরিয়ে দেয়।
