বাংলাদেশের সামরিক ও অসামরিক সকল ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বৃহস্পতিবার বলেছেন, সামরিক, অসামরিক সকল ক্ষেত্র ও বিষয়সমূহেই বাংলাদেশ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সামরিক, অসামরিকসহ সকল ক্ষেত্রেই যে ঝুঁকি বিদ্যমান তাতে কোন সন্দেহ নেই। সীমান্ত সংকট, অর্থনৈতিক নির্ভরতা ও উদ্বেগ, জলবায়ুর পরিবর্তন ও পরিবেশগত অবনতি রাজনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক অস্থিতরতা, অস্ত্র ও মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ ইত্যাদি সার্বক্ষণিক আমাদের ঝুঁকির মধ্যে ফেলে রেখেছে।
‘বাংলাদেশের নিরাপত্তা: একটি পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি’ শীর্ষক বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। বিআইআইএসএস’র চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মুফলে আর ওসমানী সেমিনারে সভাপতিত্ব করেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনে প্রচেষ্টা, সার্বক্ষণিক সতর্কাবস্থা বজায় রাখা, সক্রিয় সহযোগিতার খোঁজ করা, দেশের বাইরে সমন্বিত প্রচেষ্টা চালানো এবং দেশ ও বাইরের জগতের সাথে আস্থা নির্মাণ প্রক্রিয়ার জড়িত থাকা বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে।
তিনি বলেন, আমরা সামরিক শক্তিকে কোনভাবেই উপেক্ষা করতে পারি না। কারণ এটি একটি বড় প্রতিরোধক শক্তি হিসেবে কাজ করে। তবে বিশ্বায়ন আমাদের সকল সংরক্ষিত লক্ষ্যের ওপর অনাহূতভাবে প্রভাব বিস্তার করে।
মোরশেদ খান বলেন, ঝুঁকির মাত্রা কমানো ও হুমকি কমিয়ে আনাই হচ্ছে আমাদের প্রধান কাজ। আমাদেরকে অবশ্যই জাতীয় স্বার্থের কার্যকর ও বাস্তব মূল্যায়নের মাধ্যমে নিরাপত্তা পরিবেশ গঠন করতে হবে।
সেমিনারে অধ্যাপক এম শহীদুজ্জামান ‘দ্য ইভলভিং জিও--স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট: ইমপ্লিকেশন্স ফর বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি’ এবং সাবেক রাষ্ট্রদূত আবুল আহসান ‘ফরেন পলিসি অব বাংলাদেশ এস সিকিউরিটি পলিসি’র ওপর নিবন্ধ উপস্থাপন করেন।
বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আবুল মতিন, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. আশরাফুল কাদের সেমিনারে বক্তব্য রাখেন।
অধ্যাপক শহীদুজ্জামান বলেন, ভারতের উত্তর--পূর্ব অঞ্চলকে ট্রানজিট দেওয়ার বিষয়টি চীনের নিরাপত্তা উদ্বেগকে প্রভাবিত করতে পারে।
তিনি বলেন, ভারতকে উত্তর--পূর্বাঞ্চলে সহজে যেতে ট্রানজিট দেওয়া হলে ওই অঞ্চলের বাজার দখলের ক্ষেত্রে বাংলাদেশ তেমন লাভবান হবে না। আমাদের সহযোগিতা নিয়ে ভারত তার উত্তর--পূর্বাঞ্চলে একক বাজার প্রতিষ্ঠা করতে চায়।
তিনি বলেন, ভারত আসছে বছরগুলোতে অভিন্ন নদীগুলো থেকে পানি প্রত্যাহারের পরিমাণ বৃদ্ধি করলে তা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াবে।
এ ব্যাপারে ভারত যে আস্থার সম্পর্ক তৈরি করতে অস্বীকৃতি জানাচ্ছে তা স্পষ্ট বলে উল্লেখ করেন তিনি। ভারত যে আসলে নদী সংযোগ পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে তা দিল্লি বারবার অস্বীকার করছে। অথচ কাজের অগ্রগতি স্পষ্ট ও দৃশ্যমান।
সাবেক রাষ্ট্রদূত আবুল আহসান বলেন, প্রধান প্রধান দ্বিপাক্ষিক ইস্যুর ব্যাপারে ভারতের পার্লামেন্ট সদস্য, শিক্ষাবিদ, গণমাধ্যমের লোকজন ও সুশীল সমাজের সহযোগিতা পেতে ও তাদের সাথে বোঝাপড়া সৃষ্টি করতে বিশেষ প্রচেষ্টা চালানো উচিৎ। তাছাড়া আমরা যে ভারতের সাথে শান্তি ও সম্প্রীতিতে বসবাস করতে চাই এটা তাদের বুঝাতে হবে।
