২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ১ম দিন ৯৪৬ জনের ভোট গ্রহণ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) ভোট গ্রহণের প্রথমদিনে মোট ১ হাজার ৬৬২ জন ভোটারের মধ্যে ৯৪৬ জন ভোট দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

এসসিবিএ মিলনায়তেন প্রথমদিনের ভোট গ্রহণ বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ভোট গ্রহণে বিরতি রাখা হয়। প্রথমদিনের ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠু হয়েছে।

হাইকোর্টের সাবেক জজ বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে সাত সদস্যের একটি নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করছে।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান এমপি, ড. কামাল হোসেন, অ্যাড. খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এমপি, সাবেক বিচারপতি টিএইচ খানসহ এসসিবিএ সদস্য বেশ কয়েকজন জাতীয় নেতা এবং এসসিবিএ’র সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার প্রথমদিন ভোট প্রদান করেন।

এছাড়া এসসিবিএ’র প্রেসিডেন্ট অ্যাড. মাহবুবে আলম এবং সম্পাদক অ্যাড. এম ইনায়েতুর রহিমসহ বেশ কয়েকজন নির্বাহী সদস্য ভোট প্রদান করেছেন।

১৪ সদস্য বিশিষ্ট এসসিবিএ নির্বাহী কমিটির বিভিন্ন পদের প্রার্থী নির্বাচনের লক্ষ্যে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে সভাপতি পদে চার, সহসভাপতি পদে পাঁচ এবং সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে ব্যারিস্টার এম আমির--উল--ইসলাম, ব্যারিস্টার মাসুদ রেজা শোভন, অ্যাড. হাবিবুল ইসলাম ভূইয়া, অ্যাড. এবিএম নূরুল ইসলাম; সহসভাপতি  পদে অ্যাড. আব্দুল মান্নান খান, অ্যাড. আবু বকর সিদ্দিকী, অ্যাড. এটিএম মিজানুর রহমান, অ্যাড. গোলাম আরশেদ ও অ্যাড. আসাদুল্লাহ; সম্পাদক পদে অ্যাড. এএম আমিনুদ্দিন, ব্যারিস্টার আসাদুল্লাহ আল মামুন ও  অ্যাড. এবিএম বায়েজিদ প্রতিদ্বন্দ্বিতা  করছেন।

বৃহস্পতিবার একই সময়সূচি অনুযায়ী দ্বিতীয় দিনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।