ছাত্রলীগ সম্মেলনের পোস্টার, আমন্ত্রণপত্রে জয়-এর জলছবি
প্রধান বিরোধীদল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৬ তম জাতীয় সম্মেলনের আমন্ত্রণপত্র এবং পোস্টারে সজীব ওয়াজেদ জয়-- এর জলছবি ছাপা হয়েছে।
সংগঠনের সভাপতি লিয়াকত সিকদার বিডিনিউজকে বলেছেন, ছাত্রলীগ নেতৃবৃন্দকে জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়-- এর মতো সুশিক্ষিত, আধুনিক করে গড়ে তোলার লক্ষ্যে এটি করা হয়েছে।
তিনি বলেন, আজকের ছাত্রলীগ নেতৃবৃন্দই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের আরো আধুনিক, তারুণ্যের প্রতীক এবং সুশিক্ষিত করে গড়ে তোলার প্রয়াসে সজীব ওয়াজেদ জয়--এর মতো হওয়ার অনুপ্রেরণা দেওয়া হচ্ছে।
‘এটা এখন সময়ের দাবি,’ তিনি আরো বলেন।
ছাত্রলীগের জাতীয় সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠান ৩ এপ্রিল ধানমণ্ডি ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। ৪ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কাউন্সিলরদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
