সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করবেন না: সরকারকে আব্দুল জলিল
১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সেনাবাহিনী কারও দলীয় সম্পদ নয়। জনগণের এই সম্পদকে জনগণের বিরুদ্ধে ব্যবহারের ষড়যন্ত্র করবেন না।
৩০ মার্চ ১৪ দলের সচিবালয় ঘেরাও এবং ২৮ মার্চ বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার ১৪ দলের এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
আবদুল জলিল বলেন, আলোচনার টেবিলে আলোচনা চলবে কিন্তু একইসাথে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে।
তিনি বলেন, অতীতেও সেনাবাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। আগামীতেও ব্যবহারের ষড়যন্ত্র চলছে। যারা এ ষড়যন্ত্র করছেন, তাদের আমি সাবধান করে দিচ্ছি। সেনাবাহিনী নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করবেন না।
আব্দুল জলিল বলেন, দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে পারেন। তাই তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতিকে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের পরামর্শে চলতে হবে।
সংস্কার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, চিঠি চালাচালি চলছে। চলবে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। বঙ্গবন্ধুও আলোচনার পথ পরিহার করেননি। কিন্তু আন্দোলন ছাড়া দাবি আদায় হবে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার দিক নির্দেশনামূলক বক্তব্যে আরও বলেন, বর্তমান সিইসি এবং আদালতের রায় উপেক্ষা করে ভোটার তালিকায় দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সক্রিয় অংশ নেয়ার জন্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী। আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
