জলিলের চিঠির জবাব চূড়ান্ত করেছে মান্নান ভূঁইয়া, সোমবার দিতে পারে
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনসহ নির্বাচনী আইন সংস্কারে বিরোধী দলের সংস্কার প্রস্তাব ইস্যুতে আলোচনার জন্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের চিঠির জবাব চূড়ান্ত করেছে বিএনপি।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া দলের সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে এ জবাব তৈরি করেছেন।
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রোববার রাতেই অথবা সোমবার এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে আলোচনা করে তিনি জবাবটি আব্দুল জলিলের কাছে পাঠাবেন।
এর আগে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সংস্কার ইস্যুতে আলোচনা করতে কমিটি গঠনের জন্যে নাম পাঠানোর প্রস্তাব দিয়ে গত ২০ মার্চ বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া আব্দুল জলিলকে চিঠি দেন। এতে প্রস্তাবিত কমিটি গঠনে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিনিধি মনোনয়নের আহ্বান জানানো হয়।
জবাবে ২২ মার্চ আব্দুল জলিল বিএনপির দেওয়া চিঠির চারটি বিষয় স্পষ্ট করতে একটি চিঠি দেন। এতে প্রধানমন্ত্রীর বক্তব্যের উল্লেখ করে বলা হয়, সংসদ ও সংসদের বাইরের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠিত হতে পারে। তাহলেই এ কমিটি প্রতিনিধিত্বশীল হবে। সেই বিষয়ে আপনার চিঠিতে উল্লেখ নেই।
চিঠিতে আব্দুল জলিল বলেন, এ অবস্থায় আপনার চিঠিকে সংস্কার প্রশ্নে একটি ইতিবাচক অগ্রগতি বলে বিবেচনা করেও অর্থবহ আলোচনার স্বার্থে উক্ত বিষয়গুলি সুনির্দিষ্ট ও স্পষ্ট করা প্রয়োজন। যতো দ্রুত সম্ভব, এ বিষয়গুলো স্পষ্ট করা হলে আলোচনার জন্যে আমাদের প্রতিনিধি ঠিক করতে পারবো।
চিঠির জবাব পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আব্দুল মান্নান ভূঁইয়া একে শুভ লক্ষণ বলে উল্লেখ করেন। তিনি প্রধামন্ত্রীর সাথে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যেই চিঠির জবাব দেওয়ার কথা সাংবাদিকদের জানান।
এদিকে বিএনপির ফিরতি চিঠির ব্যাপারে আব্দুল জলিলের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, আমরা এখনো (রোববার রাত ৮টা পর্যন্ত) পর্যন্ত কোনো চিঠি পাইনি। তবে তাদের চিঠির অপেক্ষায় রয়েছি।
এছাড়া সংস্কার ইস্যুতে এবং বিএনপির চিঠি প্রসংগে রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে একটি বৈঠক হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক।
