১২ এপ্রিল বিএফইউজে’র দ্বি-বার্ষিক প্রতিনিধি সম্মেলন, নির্বাচন ২৯ এপ্রিল
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আগামী ১২ এপ্রিল সংগঠনের দ্বি-বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও ২৯ এপ্রিল নির্বাহী কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।
গত ২১ মার্চ জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে’র সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিএফইউজে’র মহাসচিব মনজুরুল আহসান বুলবুল দেশের সার্বিক অবস্থা তুলে ধরেন।
সভায় অবিলম্বে ষষ্ঠ ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণা ও ঘোষিত ৪০ ভাগ মহার্ঘ্য ভাতা কার্যকর করার দাবি জানানো হয়। সভায় গৃহিত এক প্রস্তাবে সাংবাদিক শামছুর রহমান, মানিক সাহা, দীপংকর চক্রবর্তী ও হুমায়ুন কবির বালু হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার কাজ দ্রুত সম্পাদনেরও দাবি জানানো হয়।
