খোলা মন নিয়ে আলোচনায় আসুন: বিরোধী দলের প্রতি মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সংস্কার প্রস্তাব নিয়ে বিরোধী দলকে খোলা মনে আলোচনার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের জবাবী চিঠির ভাষা ঠিক না থাকলেও আমরা কিছু মনে করিনি। আমরা চাই তারা খোলা মন নিয়ে আলোচনায় আসুক।
তিনি আহ্বান জানিয়ে বলেন, আসুন, খোলা মনে আলোচনার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও সন্ত্রাসমুক্ত নির্বাচনের পথ বের করি।
স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার ঢাকার মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
এতে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, চৌধুরী তানভীর আহম্মেদ সিদ্দিকী, সহ -- সভাপতি বন মন্ত্রী তরিকুল ইসলাম, কৃষি মন্ত্রী এমকে আনোয়ার, যুগ্ম মহাসচিব হুইপ আশরাফ হোসেন, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু প্রমুখ।
মান্নান ভূঁইয়া বলেন, বিরোধী দলের সংস্কার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি অনুযায়ী বিরোধী দলকে কমিটি গঠন করার জন্য নাম চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ এর জবাবে যে চিঠি দিয়েছে, তার ভাষা ঠিক না থাকলেও আমরা এটাকে ইতিবাচক হিসেবে নিয়েছি। তাদের চিঠির পাল্টা জবাব তৈরী করা হয়েছে; দু -- একদিনের মধ্যে তা দেওয়া হবে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ’৭০ এর নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে স্বায়ত্ত্বশাসন তথা স্বাধীনতা ত্বরান্বিত করার জন্য ভোট দিয়েছিলো। কিন্তু তারা যথাসময়ে স্বাধীনতার ঘোষণা দিতে পারেনি। শহীদ জিয়া সেই স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ এর একমাস আগে স্বাধীনতার ঘোষণা দিতে পারলে এতো রক্তক্ষয় হতো না। কিন্তু ‘শেখ মুজিব’ স্বাধীনতার ঘোষণা না দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদের জন্য আলোচনা করেছেন।
