বাংলাদেশ- ভারত বাণিজ্য বৈষম্য দূর করতে রোডম্যাপ প্রণয়নের প্রস্তাব দিয়েছে ভারত
ভারতের কেন্দ্রীয় সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শ্রী কমলনাথ বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে একটি রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন।
ভারতীয় বেশ কটি ব্যাবসায়ী সমিতির দেওয়া ভোজসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বৃহত্তর যোগাযোগই হচ্ছে মূল। চাপ প্রয়োগ না করা হলে স্থলপথে সীমান্ত দিয়ে সিলড কনটেইনারের পণ্য আনা নেওয়াকে আমরা উৎসাহিত করব।
সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই), ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এবং অ্যাসোসিয়েটেড চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (অ্যাসোচেম) এ ভোজসভার আয়োজন করে।
কমলনাথ বলেন, কন্টেনারের মাধ্যমে জল, স্থল ও রেলপথে পণ্য আনানেওয়া করলে পেট্রাপোল--বেনাপোল বন্দরের ওপর থেকে চাপ কমবে।
বর্তমানে কলকাতা থেকে সিঙ্গাপুর হয়ে ঢাকায় কন্টেনারজাত পণ্য পৌঁছতে আড়াই হাজার মার্কিন ডলার খরচ হয় এবং ৫০ দিনের বেশি সময় লাগে। দু’ দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীপথে এসব কন্টেনার আনানেওয়া করলে খরচ হবে মাত্র ৫০০ ডলার এবং সময় লাগবে মাত্র পাঁচ দিন।
ভারত-শ্রীলঙ্কা অবাধ বাণিজ্য চুক্তির (এফটিএ) কথা উল্লেখ করে তিনি বলেন, দ্বিপাক্ষিক অবাধ বাণিজ্যচুক্তি দু’ দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ কমিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
তিনি বলেন, পাকিস্তানে ভারত তৃতীয় বৃহত্তম বিনিয়োগকারী দেশে পরিণত হয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যের বিষয়টি উল্লেখ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। গত ২০০৪--০৫ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ৬৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তিনি বলেন, গত চার বছরে ভারতে বাংলাদেশের রপ্তানি শুধু তিনগুণ বৃদ্ধিই পায়নি, সার্বিকভাবে এক্ষেত্রে ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
তিনি বলেন, দু’ দেশের মধ্যকার বাণিজ্য উল্লেখযোগ্য হারে ভারতের অনুকূলে থাকলেও বর্তমান বাণিজ্যিক প্রবণতা পারস্পরিক নির্ভরশীলতার দিকে ঝুঁকেছে।
