২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় প্রবীণ রাজনীতিক অনিল বিশ্বাসের অবস্থা এখনো আশংকাজনক

পশ্চিমবঙ্গে সিপিআইএমের রাজ্য সম্পাদক, পলিটব্যুরো সদস্য অনিল বিশ্বাসের সংকটজনক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সোমবার সকালে তার মাথার ডান দিকে দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুব্রত আচার্য্য

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

রাজ্যের প্রথম সারির সাত জন বিশেজ্ঞ চিকিৎসকের গড়া উচ্চপর্যায়ের এক মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা করছেন।

দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর পরিস্থিতি অবনতি না হলেও উন্নতি হয়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মেডিক্যাল বোর্ডের নেফ্রোলজিস্ট ড. জয়ন্ত বোস জানান, মস্তিষ্কের রক্তক্ষরণ অব্যাহত থাকায় পৃথক একটি চ্যানেল করে দেওয়া হয়েছে। তার অবস্থা এখন খুবই সংকটজনক।

৬১ বছর বয়সী অনিল বিশ্বাস দীর্ঘ দিন ধরে কিডনী ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন। 

শনিবার রাত ৮টার দিকে পার্টি অফিস থেকে বাড়ি যাওয়ার পরপরই তার সেরিব্রাল অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গে তাকে দক্ষিণ কলকাতা উডল্যান্ডস্ হাসপাতালে ভর্তি করা হয়।