২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনকে সামনে রেখে ৬ বিভাগে ছাত্রদলের তৃণমূল পর্যায়ের প্রতিনিধি সভা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে

আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের মাঠ পর্যায়ের নেতা - কর্মীদের সক্রিয় করার লক্ষ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ছয়টি বিভাগের তৃণমূল পর্য়ায়ের প্রতিনিধি সভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 06:58 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

এ ব্যাপারে ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল সোমবার বিডিনিউজকে বলেন, এসব সভা থেকে তৃণমূল নেতাদের নির্বাচনের আগে দলীয় কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হবে। যাতে তারা ছাত্র সমাজ এবং জনগণের কাছে দলীয় কর্মকাণ্ড তুলে ধরতে পারে।

তিনি বলেন, প্রান্তিক নেতাদের সাথে কেন্দ্রীয় নেতাদের বন্ধন গড়ার লক্ষ্যে প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে। তিনি এ কার্যক্রমকে নেতৃত্ব তৈরির প্রক্রিয়া বলেও উল্লেখ করেন।

মঙ্গলবার কেরাণীগঞ্জ চুনকুঠিয়া গার্লস হাই স্কুল মাঠে ঢাকা বিভাগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। সভার উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান।

প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি’র মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া উপস্থিত থাকবেন।

খুলনা বিভাগে ২৩ মার্চ, সিলেটে ২৮ মার্চ, রাজশাহীতে ১ এপ্রিল, চট্টগ্রামে ৪ এপ্রিল এবং বরিশাল বিভাগে ৯ এপ্রিল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

সারাদেশের ছয়টি বিভাগের প্রায় ২৬ হাজার ৫শ’ প্রতিনিধি এসব সভায় অংশগ্রহণ করবেন। প্রতি জেলা, বিশ্ববিদ্যালয়, মহানগর থেকে পাঁচজন করে প্রতিনিধি সভায় অংশগ্রহণ করবেন।