২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে আওয়ামী লীগকে চিঠি দিয়েছে বিএনপি

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সোমবার রাতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনী ব্যবস্থায় সংস্কার নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক কমিটির গঠনে সদস্যদের মনোনয়ন চেয়ে প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে চিঠি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 11:15 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মান্নান ভুইয়া এমপি সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিকে এ চিঠি দেন।

মান্নান ভুইয়ার চিঠি পাওয়ার পর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে সোমবার রাতেই দলের প্রেসিডিয়াম সদস্যরা এক জরুরি বৈঠকে বসেন।

মার্কিন যুক্তরাষ্ট্র সফররত দলের সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার এ সম্পর্কিত মন্তব্য গ্রহণের ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়।

এছাড়া সরকারি দলের চিঠি নিয়ে ১৪ দলের সমন্বয়ে গড়া বিরোধী জোটের অপর শরিক দলগুলোর সাথে আওয়ামী লীগ মঙ্গলবার আলোচনা করবে বলে জানা গেছে।

বিরোধী জোটের ঘোষিত সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে তারা কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না, এমনকি দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না বলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল আগেই ঘোষণা দিয়েছে।

আওয়ামী লীগের এক নেতা বলেন, সরকার সময় অপচয় করেছে। কিন্তু আমরা আন্তরিক হওয়ায় বিষয়টি নিয়ে ১৪ দলের মধ্যে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি।

বিরোধী জোট ২০০৫ সালের জুলাই মাসে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচনী আইনের সংস্কারের দাবিতে একটি সংস্কার প্রস্তাব দেয়।

সংস্কার প্রস্তাবের প্রধান অংশ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচনের বিষয়টি। সরকার প্রধানকে সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি হতে হবে বলে সংস্কারে দাবি জানানো হয়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকালে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির হাতে না রেখে তা অন্তবর্তীকালীন সরকারের আওতায় রাখার কথা সংস্কার প্রস্তাবে বলা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাব উত্থাপন করেন।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে তার দেয়া সমাপণী বক্তব্যে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সরকারি ও বিরোধী দলের সদস্যদের নিয়ে একটি কমিটি গঠনের ঘোষণা দেন।

বিএনপি নেতা মফিকুল ইসলাম তৃপ্তি মান্নান ভুইয়ার চিঠিটি আব্দুল জলিলের কাছে পৌঁছে দেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় সংসদের প্রধান হুইপ সংস্কার প্রস্তাব নিয়ে বিরোধী দলকে টেলিফোনে আলোচনার করার প্রস্তাব দেওয়ার পর দুই রাজনৈতিক দলের মধ্যে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, এ চিঠির ফলে সে অচলাবস্থা অনেকখানি কেটে যাবে।

বিরোধী দলের দাবি, দেশের সকল পর্যায়ের জনগণ তাদের সংস্কার প্রস্তাব, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে রয়েছে।

অপরদিকে বিদেশী সংস্থাগুলোও সংস্কারের ভিত্তিতে দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান দেখতে চায়। এর জন্য তারা সরকারের ওপর চাপ দেওয়া অব্যাহত রেখেছে।