২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমান বগুড়া-৬ অথবা ৭ থেকে নির্বাচন করতে পারেন

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান আগামী সংসদ নির্বাচনে বগুড়া থেকে নির্বাচন করতে পারেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

তারেক রহমান শনিবার বলেন, দলের নীতি নির্ধারকরা আমাকে যোগ্য মনে করলে রাজনীতিবিদ হিসেবে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।

রাজধানীর একটি হোটেলে তারেক রহমান বলেন, দলের নীতি নির্ধারকরাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

তিনি বগুড়া-৬ (সদর) অথবা বগুড়া-৭ (গাবতলী) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আশা প্রকাশ করেন।

আগামী নির্বাচনের ব্যাপারে প্রশ্ন করা হলে তারেক বলেন, আগামী নির্বাচন স্বাভাবিক নিয়মেই অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, তার দল বিভিন্ন ক্ষেত্রে সফল। তবে সফলতার পাশাপাশি কিছু ব্যর্থতা রয়েছে বলেও জানান। আবার সেইসব ব্যর্থতাকে তিনি স্বাভাবিক বলে উল্লেখ করেন।

নির্বাচনের আগে তারেক রহমান সারা দেশ সফর করে তৃণমূল পর্যায়ে তার দলের সফলতার কথা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছেন।

এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব বলেন, বর্তমান জোট সরকার সন্ত্রাসবাদ মোকাবেলায় সফলতা অর্জন করেছে। আগামীতে ক্ষমতায় আসলে তারা দুর্নীতির বীজ উপড়ে ফেলবে এবং শান্তি ও অর্থনৈতিক উন্নয়ন প্রতিষ্ঠা করবে।

অপর এক প্রশ্নের জবাবে তারেক সারা দেশে বিদ্যুৎ সঙ্কটের কথা স্বীকার করেন।

তারেক রহমানের সাথে সাংবাদিকদের আলোচনার সময় উপস্থিত তথ্য উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেন, মালিকদের কারণে অনেক সময় সাংবাদিকরা প্রকৃত ঘটনা লিখতে পারেন না।