২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা তুলে দেওয়ার পর থেকেই দেশে মৌলবাদের বিকাশ ঘটে

বাংলাদেশে উগ্র ধর্মীয় মৌলবাদের বিকাশ একদিনে হয়নি। সংবিধান থেকে অসাম্প্রদায়িকতা বা ধর্ম নিরপেক্ষতা উঠিয়ে দেওয়ার পর থেকেই দেশে ধর্মীয় মৌলবাদের বিকাশ ঘটতে থাকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় শনিবার বক্তারা একথা বলেন।

পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শামসুজ্জামান সেলিম। আলোচনায় অংশ নেন সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত, এমএম আকাশ, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মাসুম প্রমুখ।

আলোচকরা বলেন, বাংলাদেশে সবচেয়ে কম লাভজনক বিনিয়োগ হচ্ছে কৃষিতে বিনিয়োগ। আর সবচেয়ে বেশি লাভজনক বিনিয়োগ হচ্ছে সংসদ নির্বাচনে অংশ নেয়া। সাংসদদের একটি বড় অংশই কালো টাকার মালিক। অর্থনৈতিক দুর্বৃত্তরাই দেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন করছে। তাই তারা কৃষি খাতে বিনিয়োগ বা ক্ষেতমজুরদের কথা ভাবে না।

আলোচকরা বলেন, বাংলাদেশে বর্তমানে ১৪ কোটির মধ্যে নয় কোটি মানুষই দরিদ্র। বর্তমানে যে অবস্থা বিরাজ করছে, তাতে ১৫ বছর পর দেশে দরিদ্রের সংখ্যা ১৯ কোটিতে দাঁড়াবে। ওই সময় দেশের লোকসংখ্যা হবে ২১ কোটি। এখনই দেশের দরিদ্র ও ক্ষেতমজুর শ্রেণীর কল্যাণে পদক্ষেপ নেয়া না হলে ভবিষ্যৎ অত্যন্ত খারাপের দিকে যাবে।

আলোচকরা বলেন, দেশে বর্তমানে প্রায় দেড় কোটি বিঘা সরকারি খাস ও জলাভূমি রয়েছে। অথচ দেশে দেড় কোটি ভূমিহীন মানুষ নেই। এ জমি ভূমিহীন ক্ষেতমজুরদের মধ্যে বরাদ্দ দিয়ে তাদের পুনর্বাসন করতে হবে।

তারা ক্ষেতমজুরদের দাবি আদায় ও রাজনৈতিক দুর্বৃত্তদের কবল থেকে দেশকে রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।