২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের ওয়াসা ঘেরাও: পুলিশ ব্যারিকেডে বাংলামটরেই আটকা পড়ে মিছিল

আওয়ামী লীগসহ ১৪ দল বৃহস্পতিবার ওয়াসা ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে। তবে পুলিশি বাধার মুখে কারওয়ান বাজারে ওয়াসা ভবন অভিমুখী মিছিলটি নগরীর বাংলামটরে আটকা পড়লে কয়েক হাজার নেতাকর্মী সেখানেই রাস্তায় অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ প্রদর্শন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 02:40 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

পানি সংকটের প্রতিবাদ ও নগরীতে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে ঢাকা মহানগর ১৪ দল এ কর্মসূচি পালন করে।

আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের নেতাকর্মীরা পূর্বঘোষণা অনুযায়ী সকাল ১১ টায় ইস্কাটন রোডে জমায়েত হয়। ওয়াসা ভবন ঘেরাওয়ের উদ্দেশে সেখান থেকে মিছিল বের করা হলে বাংলামটর মোড়ের কাছে তা পুলিশের বাধার মুখে পড়ে।

মগবাজার মোড় থেকে বাংলামটর পর্যন্ত ব্যস্ত রাস্তায় হাজার হাজার মানুষের অবস্থান এবং পুলিশ ব্যারিকেডের কারণে সাধারণ পথচারী, ব্যবসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন এবং সংশ্লিষ্ট আবাসিক এলাকার মানুষ দীর্ঘ দু’ঘণ্টা ধরে ভেতরে আটকা পড়ে। ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার কারণে আশপাশের সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়।

এদিকে ১৪ দলের এ কর্মসূচি ঠেকাতে ওয়াসা ভবন ও সোনারগাঁও হোটেলের সামনের রাস্তাসহ মগবাজার থেকে কারওয়ান বাজার পর্যন্ত পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

গত ১২ মার্চ নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিরোধী দলের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ ও সৃষ্ট পরিস্থিতির কারণে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ছিল বিশেষভাবে লক্ষ্যণীয়।

মিছিলকারীরা জোট সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টার এবং কলস ও হাড়ি পাতিল নিয়ে পানির দাবিতে স্লোগান দেয়।

ব্যানার ও প্ল্যাকার্ডের স্লোগান ছিল: ‘হবে যুদ্ধ এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য’, ‘দূষিত পানি নয় -- ওয়াসার বিশুদ্ধ পানি চাই, ‘বিদ্যুত নাই পানি নাই -- জোট সরকারের দরকার নাই’ ইত্যাদি।

আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সাংসদ আলহাজ্ব একেএম রহমত উল্লাহ্, কামাল আহমেদ মজুমদার, ডা. এইচবিএম ইকবাল, হাজী মোহাম্মদ সেলিম, ওয়ার্কার্স পার্টি নেতা কামরুল আহসানসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন।