২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার বিষয়ে বিরোধী দলের সঙ্গে যোগাযোগ শুরু করেছে সরকার

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে আলোচনা ইস্যুতে বিরোধী দলের সঙ্গে সরকার যোগাযোগ শুরু করেছে। মঙ্গলবার সংসদের চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন বিরোধী দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদের সঙ্গে এ বিষয়ে টেলিফোনে কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া বিদেশ থেকে ফিরলেই বিরোধী দলকে কমিটি গঠন এবং আলোচনার আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে বলে সূত্র জানায়। 

তবে বিরোধী পক্ষ থেকে এ বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করা হয়েছে, সংস্কার না মেনে কমিটি গঠনের কথা বলে একদিকে কালক্ষেপণ ও দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।

তারা বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলের সংস্কারের বিরুদ্ধে কথা বলছেন এবং একটার পর একটা প্রস্তাব নাকচ করে দিচ্ছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বলেন, প্রধানমন্ত্রী একদিকে সংসদে দাঁড়িয়ে সংস্কার বিষয়ে কমিটি গঠনের কথা বলছেন। অন্যদিকে প্রকাশ্য জনসভায় ঘোষণা দিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব পালনকালে প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রপতির অধীনেই থাকবে।

তার এই রায়ে সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহারের চক্রান্তের ইঙ্গিত রয়েছে বলে মন্তব্য করেন জলিল।  

বিরোধী দলের চিফ হুইপ আব্দুস শহিদ জানান, সরকার দলীয় চিফ হুইপ মঙ্গলবার তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

শহিদ বলেন, সংস্কার প্রস্তাব নিয়ে তিনি (দেলোয়ার) কথা বলেছেন। কিন্তু কিসের ওপর ভিত্তি করে আলোচনা হবে, কিংবা বিষয়বস্তু কী হবে, তা কিছুই বলেননি তিনি (দেলোয়ার)। 

আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা গত বছরের ১৫ জুন ১৪ দলের পক্ষে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবনা উত্থাপন করেন। পরবর্তীতে এ বছরের ১২ ফেব্র“য়ারি তিনি জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব তুলে ধরেন।

সংস্কার প্রস্তাবে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। এছাড়া সামরিক বাহিনীকে তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতির বদলে সরকার প্রধানের কাছে ন্যস্ত করার কথাও বলা হয়েছে।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা খালেদা জিয়া ২৮ ফেব্র“য়ারি সংসদের সমাপনী ভাষণে সংস্কার বিষয়ে কমিটি গঠনের একটি  প্রস্তাব দেন। গত এক মাসে এ ব্যাপারে কার্যত কোন অগ্রগতি নেই।