অন্যান্য বড় ধরনের সহিংসতায় জেএমবি জড়িত ছিল কিনা তদন্ত করুন: শামাস
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জুডিথ শামাস মঙ্গলবার বলেছেন, বাংলাদেশে অন্যান্য বড় ধরনের সহিংস ঘটনার পিছনে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর কোন অংশ জড়িত রয়েছে কিনা পুলিশি তদন্তে সে দিকটাতেই গুরুত্ব দেওয়া উচিত।
চট্টগ্রামে আমেরিকান উইক (সপ্তাহ) উদযাপন উপলক্ষে হোটেল আগ্রাবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে শামাস বলেন, দেশের নিরাপত্তা ও উন্নত ভবিষ্যতের জন্যে উগ্রবাদ ও রাজনৈতিক সহিংতার সাথে জড়িত সংগঠক, পৃষ্ঠপোষক ও পরিকল্পনাকারীদের স্বচ্ছ ও বৈধভাবে গ্রেপ্তার করা অপরিহার্য।
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি প্রধান আবদুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের গ্রেপ্তারকে শামাস স্বাগত জানান। জেএমবির সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সরকারের যে ভাবে সাড়া দিয়েছে সেক্ষেত্রে তিনি একে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।
সন্ত্রাসবাদকে সকলের প্রতি হুমকি হিসেবে আখ্যায়িত করে শামাস বলেন, সন্ত্রাসবাদকে প্রতিহত করতে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে মার্কিন সরকার অগ্রাধিকার দিয়ে থাকে।
তিনি বলেন, মার্কিন দূতাবাস পুলিশ ও কোস্টগার্ডকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সহযোগিতা দিয়ে থাকে।
এক প্রশ্নের জবাবে শামাস সরাসরি বলেন, মানবাধিকার ও সুবিচারের পথে বাধা হয়ে দাঁড়ায় এমন কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে না।
মার্কিন সরকারের গণতন্ত্রের প্রতি প্রদত্ত অগ্রাধিকার সম্পর্কে বলতে গিয়ে শামাস বলেন, বিভিন্ন কারণে বাংলাদেশের আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ সময় তিনি ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে ধারাবাহিক সংলাপের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্যে ঐকমত্যে পৌঁছানোর কথা বলেন।
শামাস বিরোধী দলের সংসদে ফিরে আসাকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, হরতালের মতো ধ্বংসাত্মক উপায় পরিহার করে গণতান্ত্রিকভাবে অর্থপূর্ণ জনবিতর্কের ক্ষেত্রে বিরোধী দল অবদান রাখতে সক্ষম।
তিনি বলেন, বাংলাদেশ গণতন্ত্রের জন্যে গর্ববোধ করতে পারে। আর ২০০৫ সালের ৯ মে অনুষ্ঠিত সর্বশেষ মেয়র নির্বাচনের জন্যে চট্টগ্রাম গর্বিত হতে পারে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের ঐতিহ্য বজায় রাখতে সার্বক্ষণিক সতর্ক থাকা প্রয়োজন।
তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই কেবল একজন বিজয়ীকে বৈধতা দিতে পারে।
বাংলাদেশের ব্যবসা - বাণিজ্য সম্পর্কে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, সমাজের সকল ক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন ঘটাতে বাংলাদেশ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
তিনি বলেন, মার্কিনিরা বাংলাদেশের প্রবৃদ্ধি দেখতে চায়। তারা বিশ্বাস করে, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাণিজ্যই হচ্ছে সবচেয়ে কার্যকর উপায়। আর বেশিরভাগ বাণিজ্যই হয় চট্টগ্রাম বন্দর দিয়ে।
চট্টগ্রামে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের প্রথম মিট দ্য প্রেসে গণতন্ত্র, পর্যটন, সন্ত্রাসবাদ, বাণিজ্য, রাজনীতি, সংস্কৃতি ও বন্দরসহ বাংলাদেশের বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হয়।
তিনি বলেন, চট্টগ্রামে বেসরকারি বন্দর নির্মাণ করার কোনো পরিকল্পনা এ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। তবে দেশের সর্ববৃহৎ সমুদ্রবন্দরটির উৎপাদন ও কার্যক্ষমতা ত্বরান্বিত করার বিষয়টি তিনি গুরুত্বের সাথে তুলে ধরেন।
এর আগে হোটেলে আগ্রাবাদে পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান এক অনাড়ম্বর অনুষ্ঠানে আমেরিকান উইকের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, জুডিথ শামাস, চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির সভাপতি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেকার বর্তমান সুসম্পর্ক এই উইকের মাধ্যমে আরো শক্তিশালী হবে।
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলে বিবেচিত চট্টগ্রামে এ নিয়ে পঞ্চমবারের মতো আমেরিকান উইকের আয়োজন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পররাষ্ট্র মন্ত্রী, চট্টগ্রাম মেয়র ও জুডিথ শামাস বাংলাদেশের ইউএসএইডের বিভিন্ন প্রকল্পের ৪০টি স্টল পরির্দশন করেন।
