২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের রাজনৈতিক পরিস্থিতি জানাতে কূটনীতিকদের সৌজন্যে শেখ হাসিনার নৈশভোজ

দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনার লক্ষ্যে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা মঙ্গলবার ঢাকায় নিযুক্ত বিদেশী কূটনীতিকদের সৌজন্যে নৈশভোজের আয়োজন করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 09:33 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

দলীয় সূত্র জানায়, শেখ হাসিনা ওই নৈশভোজে কূটনীতিকদেরকে দু’টি বিষয়ে অবহিত করবেন। বিষয় দু’টি হচ্ছে, জঙ্গিবাদ, বিশেষ করে শায়খ রহমান ও বাংলা ভাইর গ্রেপ্তার এবং বিরোধী দলের সংস্কার প্রস্তাব ও  এক্ষেত্রে সরকারের অবস্থান।

নাম গোপন রাখার শর্তে আওয়ামী লীগের শীর্ষ এক নেতা এর আগে বিডিনিউজকে বলেছিলেন, আমাদের সাথে অন্যদের যে যোগাযোগ চলছে তারই অংশ হিসেবে এ আয়োজন করা হচ্ছে। হোটেল রেডিসনে নৈশভোজটির আয়োজন করা হয়েছে বলে সূত্র জানায়।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ে গড়া বিরোধী জোট তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচনী আইন সম্পর্কে যে সংস্কার প্রস্তাব উত্থাপন করেছে, তার প্রতি অনেক কূটনীতিকের ইতিবাচক মনোভাব রয়েছে।

আবদুর রহমান ও বাংলা ভাইয়ের গ্রেপ্তার সম্পর্কে কূটনীতিকদের অবহিত করতে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ৭ মার্চ রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সেই মধ্যাহ্নভোজে কূটনীতিকদের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাতসুশিরো হরিগুচি বিরোধী জোটের সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে আরো সমঝোতা করতে সরকারের প্রতি অনুরোধ জানান।

সরকারের পক্ষ থেকে সে সময় পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের বলেন, সংসদের বাইরে অথবা ভেতরে তারা বিরোধী জোটের দাবি নিয়ে আলোচনা করতে পারেন। এতে সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই।

জাতীয় সংসদের সম্প্রতি শেষ হওয়া অধিবেশনের সমাপণী বক্তব্যে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২৮ ফেব্র“য়ারি একটি সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন। সরকারি ও বিরোধী সাংসদদের নিয়ে গঠিত ওই কমিটি সংস্কার ইস্যু বাস্তবায়নের ব্যাপারে সুপারিশ করবে বলে প্রধানমন্ত্রী বলেন।

তবে সংস্কার নিয়ে আলোচনা করার ব্যাপারে সরকারি দলের আগ্রহের আন্তরিকতার অভাব রয়েছে এবং কমিটি গঠনের নামে সরকার কালক্ষেপণ করছে বলে বিরোধী দল মনে করছে।