শায়খ ও বাংলা নাজায়েজ...
নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র দুই শীর্ষ জঙ্গি আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলামের নামের সাথে ‘শায়খ’ ও ‘ভাই’ এবং মওদুদীর বই পড়ে জামায়াতের নেতা হলেই তাকে ‘মাওলানা’ বলা বা লেখাও নাজায়েজ।
উত্তরবঙ্গের সর্ববৃহৎ কামিল মাদ্রাসার মোহাদ্দেছ মাওলানা আব্দুল হক এ ফতোয়া দিয়েছেন এবং তার সাথে আরও অনেক মাওলানাই একমত প্রকাশ করেছেন।
মাওলানা আব্দুল হক জানান, ‘শায়খ’কে বাংলায় ‘শেখ’ও বলা যায়। আরবিতে বংশানুক্রমিক পদবি, বৃদ্ধ এবং ইসলামি জ্ঞানী ব্যক্তিদের ‘শায়খ’ বলা হয়।
তিনি বলেন, ‘ভাই’ ডাক হল শ্রদ্ধার ও সম্মানের। আব্দুল রহমান ও সিদ্দিকুল ইসলাম তাদের নামে যা করেছে তা সম্পূর্ণ ইসলাম বিরোধী। তাদের নামের সাথে ‘শায়খ’ বা ‘ভাই’ বলা ও লেখা নাজায়েজ।
তিনি আরও জানান, ‘মাওলানা’ শব্দের আভিধানিক অর্থ মোমিন, ইসলামি চিন্তাবিদ এবং আল্লাহর নৈকট্য লাভকারী। এক্ষেত্রে শুধু বিতর্কিত মওদুদীর বই পড়ে জামাতের নেতা হয়ে নামের আগে ‘মাওলানা’ বলা ও লেখা নাজায়েজ।
