সরকার, এডিবি ও ইউএনডিপি প্রতিনিধির চট্টগ্রামে পার্বত্য প্রকল্প পরিদর্শন
সরকার, এডিবি ও ইউএনডিবি’র একটি পরিদর্শক দল বাংলাদেশ সরকার ও ইউএনডিপি’র যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ও আস্থা বিনির্মাণ’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
পাঁচ সদস্য বিশিষ্ট পরিদর্শক দলের সদস্যরা হলেন, ইআরডি সচিব ইসমাইল জাবিউল্লাহ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খান এম. ইব্রাহিম হোসেন, ইআরডি’র যুগ্মসচিব এম. মোখলেসুর রহমান, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হুয়া ডু এবং বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি ল্যারি ম্যারামিস।
দু’দিনব্যাপী সফরের প্রথম দিন শুক্রবার তারা রাঙ্গামাটি জেলা প্রশাসক গাজী মোহাম্মদ জুলহাস, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ানের সাথে সাক্ষাৎ করেন।
পরিদর্শক দল তাদের কাছে ইউএনডিপি--সিএইচটিডিএফ (পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সুবিধা) প্রকল্পের ব্যাপারে তাদের কাছে খোঁজ--খবর নেন।
পার্বত্য এলাকার জনগণ ও পরিবেশের উন্নয়নের লক্ষ্যে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে পাঁচ বছর মেয়াদী একটি প্রকল্প ২০০৫ সালের ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের ১৬টি উপজেলার জনগণের মধ্যে আস্থা, সাংগঠনিক দক্ষতার উন্নয়ন, মিশ্র আর্থ--সামাজিক অবস্থার উন্নয়ন ও পার্বত্য এলাকায় শান্তি প্রক্রিয়া দীর্ঘস্থায়ী করার ব্যাপারে উদ্যোগ নেয়া হবে।
পরিদর্শক দলের সদস্যরা প্রকল্প সহযোগিতায় পরিচালিত রাঙ্গামাটির বালুখালী ইউনিয়নের কান্দেবছড়ার তাঁতশিল্প ও আনারস চাষ ঘরে দেখেন। প্রকল্প সংক্রান্ত ব্যাপারে সরকারের সচিবরা তাদের কাছে জানতে চান।
