২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেন কলেজে আন্দোলনরত ছাত্রীদের ৬ দফা দাবির কোনোটিই মানেনি কর্তৃপক্ষ, নতুন আল্টিমেটাম

ইডেন কলেজের খোদেজা খাতুন হলে (পুরাতন হল) ক্ষমতাসীন ছাত্রদল নেত্রীদের অবৈধ সিট দখলের প্রতিবাদে আন্দোলনরত সাধারণ ছাত্রীদের ছয় দফা দাবির কোনোটিই মানেনি কলেজ কর্তৃপক্ষ। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শনিবার চব্বিশ ঘন্টার মধ্যে হল থেকে রাজনৈতিক ও অবৈধভাবে সিট দখলকারীদের বের করে দেওয়ার নতুন আল্টিমেটাম ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 05:15 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

একটি সূত্র জানায়, এ ঘটনা তদন্তে গঠিত হল সুপার জুলেখা খাতুনকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি একজনকে বহিষ্কার করেছে। বহিষ্কারকৃতের নাম আফরীন জাহান সীমা। সে দর্শন বিভাগের সাবেক ছাত্রী এবং ছাত্রদলের নেত্রী।   

শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় আধা ঘন্টা কলেজের মূল গেট বন্ধ থাকায় মাস্টার্সের ভাইভা পরিক্ষার্থীদের সাময়িক সমস্যা হয়। শিক্ষার্থীরা গেট ধাক্কা দিলে সাড়ে ১১টায় দারোয়ান এসে গেট খুলে দেয়। তবে, অধ্যক্ষ গেট বন্ধ থাকার বিষয়টি জানেননা বলে সাংবাদিকদের বলেন।   

এদিকে শনিবার সকাল ১১টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কলেজে অধ্যক্ষ ফিরোজা বেগম, হল সুপার জুলেখা খাতুন, উপ - অধ্যক্ষ কামরুন্নাহার ও অন্যান্য শিক্ষকদের সাথে কলেজ অডিটোরিয়ামে আলোচনায় বসেন। আলোচনা সভায় হলের প্রায় ১৫০০ ছাত্রী উপস্থিত ছিলো। তবে, শনিবার পূর্বনির্ধারিত কর্মসূচী সকাল ১১টায় মানববন্ধন হওয়ার কথা থাকলেও তখন তা  হয়নি। সে সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে দুপুর দেড়টায় কলেজ ক্যাম্পাসের বাইরে ছাত্রীরা মানববন্ধন করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আলোচনা সভা চলাকালে উত্তেজিত ছাত্রীদের ছয় দফা দাবি এক দফায় পরিণত হয়। আর সেটি হলো- হল থেকে রাজনৈতিক সিট দখলকারীদের সম্পূর্ণভাবে বিতাড়িত করা এবং হলের প্রশাসনিক নিয়মে ছাত্রীদের সিট বরাদ্দ দেওয়া।

ছাত্রীরা ২৪ ঘন্টার ভেতর রাজনৈতিক সিট দখলকারীদের হল থেকে বের করে দেওয়ার নতুর আল্টিমেটাম ঘোষণা করেছে।

তবে অধ্যক্ষ ফিরোজা বেগম তদন্তের জন্যে ১৫ দিন সময় চাইলে উপস্থিত ছাত্রীরা এর প্রতিবাদ করে এবং অবিলম্বে অবৈধ সিট বানিজ্য বন্ধের দাবি জানায়।

অধ্যক্ষ ফিরোজা বেগম বলেন, যদি সত্যি কোনো অবৈধ ছাত্রী থেকে থাকে এবং রাজনৈতিক মেয়ে সিট বানিজ্য করে তাহলে তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে তাদের  ১৫ দিন সময় দিতে হবে।  

অধ্যক্ষের এ কথায় ছাত্রীরা প্রায় ১৫ মিনিট তাকে ঘেরাও করে রাখে।

আন্দোলনরত ছাত্রীরা তাদের দাবির সমর্থনে প্রশাসনিক ভবনের সামনে রোববার  সকাল ১১টায় অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।