জেএমবি প্রধান শায়খ রহমান: সার ব্যবসায়ী থেকে জঙ্গি নেতা
শায়েখ আবদুর রহমান, এক সময়ের সার ব্যবসায়ী, দেশের ইসলামী শাসন কায়েমের স্বপ্নে দেশের প্রচলিত আইনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গণতন্ত্র ও বিচার বিভাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গত বছর থেকে।
জেহাদের স্বপ্নে বিভোর হয়ে নিষিদ্ধ সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) প্রতিষ্ঠা করে গত বছরের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালায় তার জঙ্গি কর্মীরা। এসব হামলায় আহত হয় ১৫০ জনেরও অধিক ব্যক্তি।
হামলার ধারাবাহিকতায়, একই বছরে গাজীপুরে দুই দফা, চট্টগ্রাম এবং নেত্রকোনায় আদালত প্রাঙ্গনে ও উদীচী অফিসের সামনে আত্মঘাতি বোমা হামলা চালিয়ে বিচারকসহ হত্যা করা হয় কমপক্ষে ৩০ জন নারী ও পুরুষ।
শায়খ রহমান তার এলাকায় আহসান মওলানা নামে পরিচিত। তার বাবা আব্দুল্লাহ ইবনে ফজল (ফজল মুন্সী)।
চার ভাই ও পাঁচ বোনের মধ্যে রহমান সবার বড়। তার তিন ভাইয়ের মধ্যে ওয়ালিউর রহমান মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। বর্তমানে তিনি এক মাদ্রাসায় শিক্ষকতা করেন। ওবায়দুর রহমানও মাদ্রাসার শিক্ষক। ছোট ভাই আতাউর রহমান সানি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে। সে জেএমবির সামরিক কমান্ডার। সে এখন জেলে বন্দি।
আবদুর রহমান জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তী সময়ে রহমানের পরিবার জেলা সদর উপজেলার চরশি খলিফাপাড়ায় স্থানান্তরিত হয়। এখানে রহমান একটি মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। স্থানীয় লোকজন তাকে মাদ্রাসার শিক্ষক বলেই জানে। তার বর্তমান নিবাস জামালপুরের নয়াপাড়ায়।
রহমানের বাবা ফজল মুন্সী ওই এলাকার একজন সুপরিচিত মওলানা। ফজল মুন্সী আহলে হাদিস বাংলাদেশের প্রতিষ্ঠাতা। আশির দশকে ফজল মুন্সী রাজশাহী গিয়ে সেখানে তার আহলে হাদিসের অনুসারীদের সাথে বসবাস করতে থাকেন। সেখানেই তিনি মারা যান। তার মৃত্যুর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. গালিব আহলে হাদিস বাংলাদেশের নেতৃত্বে চলে আসেন।
স্থানীয় একটি মাদ্রাসা থেকে রহমান ফাজিল ডিগ্রি পাস করেন। তিনি সরিষাবাড়ীর আরামনগর মাদ্রাসা থেকে কামিল পাস করেন। তার পর তিনি সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। দেশে ফিরে আসার পর তিনি সরিষাবাড়ীতে বেশ কিছু সময় ধরে সার ব্যবসার সাথে জড়িত ছিলেন।
তিনি কিছু সময়ের জন্য ঢাকাস্থ সৌদি ও কুয়েত দূতাবাসে কাজ করেন।
রহমানের বাবা আল--মদিনা কলেজ মাদ্রাসা, হাবিবুন্নেছা মহিলা মাদ্রাসা এবং একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। রহমান আল--কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের অনুসারীদের সাথে আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করেছেন। আফগানিস্তান থেকে ফেরত আসার পর তিনি বাংলাদেশে ইসলামী সরকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে শুরু করেন।
এসময় তিনি অনুভব করেন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার উপায় হচ্ছে সন্ত্রাসবাদ। বলা হয়, তার সাথে পাকিস্তানের উগ্রপন্থি সংগঠন জয়শি মোহাম্মদ ও ভারতের কাশ্মিরভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর--ই--তৈয়বার সাথে যোগাযোগ রয়েছে।
আব্দুর রহমান ১৯৯৮ সালে জেএমবি গঠন করেন।
২০০৩ সালে তিনি প্রকাশ্যে কর্মকান্ড চালাতে থাকেন এবং দেশের দক্ষিণ--দক্ষিণপশ্চিমাঞ্চলে শত শত অনুসারী তৈরি করেন। ড. গালিব, আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের কার্যক্রম সীমা ছাড়িয়ে গেলে সরকার ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি ড. গালিবকে গ্রেপ্তার করে।
জেএমবি ও বাংলা ভাইয়ের জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশকে (জেএমজেবি) সরকার নিষিদ্ধ ঘোষণা করে। এর পর থেকেই আব্দুর রহমান ও বাংলা ভাইকে পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় যুক্ত করা হয়।
অভিযোগ রয়েছে, আব্দুর রহমান ও তার জঙ্গি সংগঠন সৌদি রিভাইভাল অব ইসলাামিক সোসাইটি ও আল হারামেইন ইসলামিক ফাউন্ডেশন নামের দু’টি বেসরকারি সংগঠন থেকে বিপুল পরিমাণে অর্থ পায়। জেএমবির অবকাঠামোগত ও কর্ম এলাকা বি¯তৃত করতে এবং জেএমবি সদস্যদের প্রশিক্ষণ ও বেতন দিতে এ অর্থ ব্যয় করা হতো।
সরকার জেএমবিকে নিষিদ্ধ ঘোষণা করার পর রহমান তার উগ্রবাদী তৎপরতা বাড়িয়ে দেন। দেশের সকল ধারাবাহিক বোমা হামলার মূলপরিকল্পনাকারী হচ্ছেন রহমান। ২০০৫ সালের ১৭ আগস্টে দেশের ৬৩টি জেলায় বোমা হামলা তার প্রত্যক্ষ নির্দেশে চালানো হয়েছে।
আব্দুর রহমান, বাংলা ভাই ও জেএমবির পলাতক সদস্যদের যেকোন মূল্যে গ্রেপ্তার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৫ সালের নভেম্বরে র্যাবসহ আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ প্রদান করে।
এর আগে ২৭ অক্টোবর সরকার তাদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। এরপরও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা পৃথকভাবে ও যৌথভাবে অভিযান পরিচালনা করলেও তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
