চট্টগ্রামে ১৪ দলের মহাসমাবেশে প্রধানমন্ত্রীর প্রস্তাব নাকচ করে দিয়েছেন শেখ হাসিনা
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার চট্টগ্রামে ১৪ দলের বিভাগীয় মহাসমাবেশে সংস্কার প্রস্তাবের ব্যাপারে প্রধানমন্ত্রীর দেয়া কমিটি গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন।
জাতীয় সংসদের ২০তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সমাপনী ভাষণে দেওয়া কমিটি গঠনের প্রস্তাবের ব্যাপারে শেখ হাসিনা বলেন, আমরা জনগণকে নিয়ে সরকারকে এ ভাওতাবাজির খেলা খেলতে দেব না। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, মিথ্যাচার, ধোঁকাবাজি, ভাওতাবাজি ও টালবাহানা বন্ধ করে সংস্কার প্রস্তাব মেনে নিন। অন্যথায় বাংলার মানুষ জানে কীভাবে দাবি আদায় করতে হয়। আমরা আন্দোলনের মাধ্যমে জনগণের এ দাবি বাস্তবায়ন করব।
চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত স্মরণকালের বৃহত্তম মহাসামাবেশে উপস্থিত হাজার হাজার জনতার উদ্দেশে শেখ হাসিনা বলেন, আপনারা সংস্কার প্রস্তাব ও সরকারের পদত্যাগের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে এগিয়ে নিন।
আন্দোলনের পক্ষে জনসমর্থন আছে কিনা তা জানানোর জন্য তিনি উপস্থিত জনতাকে হাত তুলতে বলেন। এ সময় হাজার হাজার জনতা হাত তুলে ১৪ দলের আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করে।
শেখ হাসিনা বলেন, আমরা সংসদে সংস্কার প্রস্তাব দিয়েছি। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এ প্রস্তাব দেইনি। জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতেই আমরা এ প্রস্তাব রেখেছি, কারণ জামায়ত জোট জনগণের ভোটাধিকার খর্ব করে ভোট কারচুপির মাধ্যমে অবৈধভাবে আবার ক্ষমতায় আসতে চায়। তারা নির্বাচনে কারচুপির জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া শুরু করেছে।
তিনি বলেন, সংস্কার প্রস্তাবের ব্যাপারে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কমিটি গঠনের কথা বলেছেন। জনগণকে তিনি বোকা পেয়েছেন? প্রধানমন্ত্রীর ধোঁকাবাজি বাংলার জনগণ মেনে নেবে না।
শেখ হাসিনা বলেন, দেশের মানুষের অধিকার আদায়ের প্রয়োজনে আমি নিজে রক্ত দিতে প্রস্তুত আছি। গ্রেনেড, গুলি ও বোমায় আমি ভয় করি না।
চট্টগ্রামের বিভাগীয় মহাসমাবেশে সভাপতির বক্তব্যে শেখ হাসিনা সরকারের প্রহসনের ভোটার তালিকা প্রণয়ন প্রক্রিয়া বন্ধের দাবিতে ১২ মার্চ ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয় ও জেলায় জেলায় নিবাচন কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি সফল করে তোলার জন্য তিনি দেশের জনগণের প্রতি আহ্বান জানান।
হরতাল প্রসঙ্গে সংসদে ও সংসদের বাইরে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, হরতালের মহারানী হয়ে হরতালের বিরুদ্ধে কথা বলেন খালেদা জিয়া। তিনি আওয়ামী লীগের পাঁচ বছরে মোট ৩০২ দিন হরতাল করেছেন। তখন প্রতিদিন তিনি সরকার পতনের আল্টিমেটাম দিতেন।
তিনি বলেন, তার মুখে সংসদে উপস্থিতির কথা মানায় না, কারণ আমাদের পাঁচ বছরে তিনি মাত্র ২৮ দিন সংসদে ছিলেন।
চট্টগ্রামে অনুষ্ঠিত বিশাল জনসভায় দাঁড়িয়ে তিনি চট্টগ্রামবাসীর উন্নয়নে বেশকিছু প্রতিশ্রুতি দেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল ক্ষমতায় গেলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতির মধ্যে রয়েছে: কর্ণফুলী নদীর ওপর ঝুলন্ত সেতু ও টানেল নির্মাণ, বৃহত্তর চট্টগ্রামকে অত্যাধুনিক সুযোগ-সুবিধায় সমৃদ্ধ একটি আন্তর্জাতিক পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা এবং প্রকৃত অর্থেই চট্টগ্রামকে বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তোলা এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ।
