২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো জোটের সঙ্গে নয়, জাপা এককভাবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে: মহাসমাবেশে এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আগামী নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বুধবার পল্টন ময়দানে জাপা আয়োজিত এক মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগ দু’দলই সরকার পরিচালনায় ব্যর্থ হয়েছে। কাজেই কোনো জোটে গিয়ে তাদের ব্যর্থতার দায়--দায়িত্ব জাতীয় পার্টি নেবে না। জাপা এককভাবে প্রতিদ্বন্দিতা করে রাষ্ট্র ক্ষমতায় আসবে।

এতে আরো বক্তব্য রাখেন জাপা সংসদীয় দলের নেতা বেগম রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, নাসিম ওসমান, এইচএম এ গাফফার, আবু হোসেন বাবলা, তাজুল ইসলাম চৌধুরী, গোলাম হাবিব দুলাল, শেখ শওকত হোসেন নীলু, আবু সুফিয়ান, করিমউদ্দিন ভরসা, কাজী মাহমুদ হাসান প্রমুখ।

সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মিছিলে মিছিলে পল্টন ময়দান ভরে যায়। এরশাদ বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন ব্যর্থতার দিক তুলে ধরে বলেন, আগে যারা আমাকে স্বৈরাচারি বলেছে, তারা এখন নিজেরাই পরস্পরকে স্বৈরাচার বলে। দেশের মানুষ আজ প্রমাণ করেছে, আমি স্বৈরাচারি ছিলাম না। মানুষের দুঃখ দূর করতে আমি গণতান্ত্রিকভাবে ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ১৫ বছরেও দেশের মানুষের দুঃখ কমেনি।

এ প্রসঙ্গে তিনি দেশে বিরাজমান সার, ডিজেল ও বিদ্যুতের সংকটের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে এক মেগাওয়াট বিদ্যুতও উৎপাদন করতে পারেনি। এক দেশে জিনিসের দাম দুই ধরনের, বিশ্বের কোথাও এর কোনো নজির নেই। আর ভারতের সাথে যদি এর তুলনা করতে চান, তবে তাদের অঙ্গরাজ্যের মতো এখানেও প্রাদেশিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি তার দল ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার প্রতিষ্ঠা করার ঘোষণা দেন।

এরশাদ বলেন, আওয়ামী বলেছে, সংস্কার প্রস্তাব না মানা হলে তারা নির্বাচনে অংশ নেবে না। অন্যদিকে সরকার তাদের প্রস্তাব না মানার ঘোষণা দিয়েছে। এতে দেশ সংকটের মধ্যে পড়বে।

তিনি বলেন, জোটে যোগ দেওয়ার জন্যে আমরা ১২ দফা দাবি দিয়েছিলাম। ১২ দফা দাবিতে সারা দেশের মানুষ সাড়া দিলেও দেয়নি দুই প্রধান দল। তাই জাপা একলা চলো নীতিতে আগামী নির্বাচন করবে। দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এ জোয়ারেই জাপা আগামীতে ক্ষমতায় আসবে।