শেখ হাসিনা চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ কেটিএস গার্মেন্টস কারখানায় ঢুকতে পারেনি
চট্টগ্রামের কালুরঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগস্থ কেটিএস গার্মেন্টস কারখানায় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঢুকতে পারেননি।
বুধবার সকালে ঢাকা থেকে শেখ হাসিনা সরাসরি জিএমজি এয়ারলাইন্সের ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরন করেন। পরে তিনি পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সড়ক পথে কালুরঘাটে ওই ক্ষতিগ্রস্থ কারখানা পরিদর্শনে যান। এ সময় চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও দলের কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন।
কিন্তু কেটিএস কারখানার প্রধান ফটক ছিলো বন্ধ। সেখানে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিরোধী দলের নেতাকে স্বাগত জানাতে আসেননি। কর্তব্যরত দারোয়ানদেরও খুঁজে পাওয়া যায়নি।
শেখ হাসিনা বন্ধ কারখানার সামনে চার --পাঁচ মিনিট অপেক্ষা করেন। পরে তিনি কালুরঘাট শিল্প অঞ্চলে আয়োজিত এক শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন।
সেখান থেকে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কেটিএস কারখানার অগ্নিদগ্ধ শ্রমিকদেরদের দেখতে যান। এদের অধিকাংশই নারী শ্রমিক।
পরে শেখ হাসিনা সার্কিট হাউজে বিজিএমইএ’র নেতাদের সঙ্গে গার্মেণ্টস শিল্প কারখানার পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
গত ২৩ ফেব্রুয়ারি কেটিএস গার্মেন্টেসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৮ জন নিহত ও অর্ধশতাধিক শ্রমিক আহত হয়।
বিকালে চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে ১৪ দলের এক মহাসমাবেশে তিনি বক্তব্য রাখবেন। বুধবারই তার ঢাকায় ফিরে আসার কথা।
