২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েদীদের মতো তালাবদ্ধ করে আগুনে শ্রমিক হত্যা মানা যায় না: চট্টগ্রামে হাসিনা

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, গার্মেন্টস কারখানার গেটে কয়েদীদের মতো তালা ঝুলিয়ে শ্রমিকদের দিয়ে কাজ করানো হবে; আর তাদেরকে নির্দয়ভাবে আগুনে পুড়িয়ে মারা হবে -- এটি মেনে নেয়া যায় না।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2006, 02:32 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বুধবার নগরীর কালুরঘাটে আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা সেখানে আগুনে ক্ষতিগ্রস্থ কেটিএস গার্মেন্টস পরিদর্শন করেন। তবে কারখানার গেট না খোলায় তিনি সেখানে ঢুকতে পারেননি। পরে তিনি ওই শ্রমিক সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি প্রতিটি গার্মেন্টস কারখানায় কাজের সুষ্ঠু পরিবেশ, অগ্নি নির্বাপক যন্ত্র ও জরুরি বহির্গমন নিশ্চিত করার দাবি করেন।

তিনি চট্টগ্রামের মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন আহমেদকে কেটিএস’র ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তায় একটি তহবিল গঠনের নির্দেশ দেন। শেখ হাসিনা তাৎক্ষণিকভাবে ওই তহবিলে দু লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

গত ২৩ ফেব্রুয়ারি কেটিএস গার্মেন্টেসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৮ জন নিহত ও অর্ধশতাধিক শ্রমিক আহত হয়।

পরে তিনি অগ্নিকাণ্ডে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অর্ধশতাধিক গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে কথা বলেন। আহত শ্রমিকদের মধ্যে অধিকাংশই নারী। বিরোধী দলীয় নেতা তাদের চিকিৎসার খোঁজ -- খবর নেন।