সংসদ সরকার ও বিরোধী দলের পারস্পরিক আক্রমণে মুখর
সংসদে মঙ্গলবার সকালের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির (এরশাদ) রওশন এরশাদ বলেন, উত্তরবঙ্গে মঙ্গার মাত্রা প্রতি বছর বাড়ছে।
কৃষি খাতে ভর্তুকি প্রতি বছর বাড়ছে। এ ভর্তুকির টাকা কারা পাচ্ছে, তা কেউ জানে না।
আওয়ামী লীগের আসাদুজ্জামান নূর রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করে বলেন, তার ভাষণ শুনে তাকে রাষ্ট্রপতি মনে হয়নি; মনে হয়েছে তিনি একজন সরকারি চাকুরে।
তিনি বলেন, সরকারি দল গণতন্ত্রের কথা বলে। অথচ পাঁচ বছরে তারা একজন উপনেতা নির্বাচন করতে পারেনি। তারা আবার আওয়ামী লীগকে অগণতান্ত্রিক বলে দাবি করে।
আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশ এখন সংকটের মধ্যে দিয়ে চলছে। বিরোধী দলীয় নেতা বোমা হামলায় আহত হওয়ার পর প্রধানমন্ত্রী তাকে দেখতে যাওয়ার জন্য ব্যাকুল ছিলেন। অথচ বিরোধী দল সংসদে যোগ দেওয়ার পর তিনি একবারের জন্যেও সংসদে আসেননি।
তিনি প্রশ্ন রেখে বলেন, কারা হাওয়া ভবন থেকে কোটি কোটি টাকা লুট করছে? একদিন দেশের মানুষ মাটি খুঁড়ে এ সব টাকা বের করবে।
প্রতিমন্ত্রী ফজলুর রহমান বলেন, যারা দেশের মানুষের সাথে বেঈমানি করেছে, তাদের অবস্থা আওয়ামী লীগের মতো হয়েছে।
তিনি বলেন, সংস্কার প্রস্তাব সংসদে আনা হবে না। ‘মামার বাড়ির আবদার’ পূরণ হবে না।
আওয়ামী লীগের ড. আব্দুর রাজ্জাক বলেন, রাজনীতিতে পদস্খলন হয় বলে জানতাম। কিন্তু এমন বিকৃতি হয়, তা দেখিনি।
বিএনপির মনিরুল হক চৌধুরী বিরোধী দলকে ইঙ্গিত করে বলেন, সরকারের অনেক সাফল্য রয়েছে। কিছু ব্যর্থতাও আছে। ভোটার তালিকা নির্বাচনের আগ পর্যন্ত সংশোধন করা যায়। কিন্তু তারা এটিকে ইস্যু করতে চাচ্ছে। কারণ তাদের এখনো আস্থা অর্জন হয়নি।
আওয়ামী লীগের জাহিদ আহসান রাসেল বলেন, আহসান উল¬াহ মাস্টার হত্যাকাণ্ডের আসামীদের রক্ষায় সরকারি দলের হস্তক্ষেপ রয়েছে।
বিরোধী দলীয় উপ-নেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন, রাষ্ট্রপতির ভাষণে দেশের অবস্থা সম্পর্কে কোনো দিক নির্দেশনা নেই।
তিনি বলেন, যেভাবে কাজ চলছে তাতে করে দেশ আজীবনের জন্য দূর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। এর থেকে রক্ষা পেতে আমাদের উপর থেকে সংশোধন হতে হবে। সরকার ও বিরোধী দলের সদস্যরা পরস্পরের দলীয় প্রধান ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন। এর একটি সুরাহা হওয়া দরকার। এর তদন্তে সংসদীয় অথবা বিচার বিভাগীয় কমিটি গঠন করা হোক।
আওয়ামী লীগের তানজিম আহমেদ সোহেল তাজ বলেন, রাষ্ট্রপতির ভাষণ হচ্ছে ইতিহাস বিকৃতির দলিল।
স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূইয়া বলেন, আগে মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি নিজেই ভাষণ লিখতেন। এখন এটি মন্ত্রিসভায় অনুমোদনের প্রয়োজন হয়। এই কর্মবিধি তারাই পরিবর্তন করেছেন।
তিনি বলেন, বর্তমান সরকার আমলে ক্ষমতাসীনদের কোনোভাবেই রক্ষা করা হয়নি। প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসীরা কোনো দলের নয়। অথচ আওয়ামী লীগ আমলে সন্ত্রাসীদের রক্ষা করা হয়েছে। এখন আদালতে বিচার নিশ্চিত হওয়ায় মানুষ সহজে অপরাধ করছে না। ফলে দেশে অপরাধ কমেছে।
তিনি আরো বলেন, সরকারের পতন এত সহজ নয়, এটি জনগণের সরকার। জনগণের নির্বাচিত সরকারকে এত সহজে নামানো যায় না।
তিনি বলেন, বেশ কিছু জিনিসের দাম বেড়েছে। এতে মানুষের যাতে কোনো কষ্ট না হয়, তাই বেতন বৃদ্ধিসহ বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকলে কোনো দুভিক্ষ হয় না, কিন্তু তাদের সময় হয়।
তিনি তত্ত্বাবধায়ক সরকার আমলে হরতাল বন্ধে চুক্তি করার প্রস্তাব দেন।
সংস্কার প্রস্তাব প্রসঙ্গে মান্নান ভূইয়া বলেন, এ নিয়ে জাতীয় ঐক্যের কথা তারা বলে, কিন্তু তাদের ১৪ দলও এ ব্যাপারে একমত কিÍনা, তা দেখা দরকার। যারা নির্বাচন করে না, তারাই এ প্রস্তাব তৈরি করেছে।
