২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি বিচারপতি এমএ আজিজের একসাথে ২ পদে নিযুক্ত থাকার ওপর শুনানি ২১ মার্চ

হাইকোর্ট মঙ্গলবার একই সাথে আপিল বিভাগের বিচারক এবং প্রধান নির্বান কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পালনের ব্যাপারে বিচারপতি এমএ আজিজের বিরুদ্ধে দেওয়া রুলের জন্যে ২১ মার্চ শুনানির দিন ধার্য করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 06:53 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

রুলের শুনানির দিন ধার্য করার জন্যে রিট আবেদনকারীর দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আওলাদ আলী এবং বিচারপতি জিনাত আরা সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বিভাগীয় বেঞ্চ এ আদেশ দেন।

আদালত একই সাথে সরকারের কোনও বক্তব্য থাকলে তা এই সময়ের মধ্যে দাখিল করার নির্দেশ দেন।

বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ ২০০৫ সালের ১৮ জুন একই সাথে আপিল বিভাগের বিচারক ও প্রধান নির্বাচন কমিশনার পদে বিচারপতি এমএ আজিজের নিযুক্ত থাকা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানিয়ে বিচারপতি এমএ আজিজ ও সরকারের প্রতি একটি রুল জারি করেন।

ওই রুলের শুনানির আগে বেঞ্চটি পুনর্গঠন করা হয়।

বিচারপতি এমএ আজিজ কোন অধিকার বলে একই সাথে দু’টি সাংবিধানিক পদে নিযুক্ত রয়েছেন, সে ব্যাপারে একটি রুল জারি করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বাবু, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ও অ্যাডভোকেট নাজনীন নাহার দিপু জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করেন।

রুলে প্রধান নির্বাচন কমিশনার, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও নির্বাচন কমিশনকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়।

ওই রিট আবেদনে বলা হয়, ২০০৫ সালের ২৩ মে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে বিচারপতি এমএ আজিজ সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নেয়া শপথ ভঙ্গ করেছেন।

আবেদনে আরও বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিচারপতি এমএ আজিজ সংবিধানের প্রস্তাবনা-৭, ২২, ৯৪, ৯৬, ৯৯,১০৪, ১০৫, ১০৬, ১০৮, ১১১, ১১২, ১১৭, ১১৮, ১২৬, ১৪৭ ও ১৪৮ ধারা এবং চতুর্থ তফসিলের ৬ নং অনুচ্ছেদ লংঘন করেছেন।

আবেদনকারীরা বলেন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণের পর বিচারপতি এমএ আজিজ আপিল বিভাগের বিচারক হিসেবে তার সংবিধানিক দায়িত্ব পালন করছেন না।

অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বাবু মঙ্গলবার আদালতে এ বিষয়টি তুলে ধরেন এবং রুলের শুনানির দিন ধার্য করার আবেদন জানান।

সরকারের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খালেদা বিজলী ও নাহিদ সুলতানা।