২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা: পরস্পরের প্রতি বাক্যবাণ

জাতীয় সংসদে সোমবার রাষ্ট্রপতির ভাষণের জন্যে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা হয়েছে। আলোচনায় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা পরস্পরের প্রতি বাক্যবাণ ছোড়েন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 09:23 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু রাষ্ট্রপতির ভাষণের জন্যে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে কানসাটের ওই ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি সর্বসম্মতিক্রমে সুরাহা করা হয়েছে।

জয়নাল আবেদীন ফারুক বিরোধী দলের কাছে প্রশ্ন রেখে বলেন, আপনারাও ক্ষমতায় ছিলেন তখন কেন সংস্কার করেননি। আপনারাও তো করতে পারতেন।

প্রতিমন্ত্রী আলমগীর কবির দাবি করেন, আমরা সামাজিক ও রাজনৈতিক সন্ত্রাস দূর করতে পেরেছি। বিশ্বের পরাশক্তিগুলো আজ বিশ্বকে ও জাতিসংঘকে চাপ দিচ্ছে অস্থির করে তোলার জন্যে। আমরা এব্যাপারে ঐক্যবদ্ধ।

তিনি বলেন, এ সংসদে নারীর সম্মান ভূলুন্ঠিত করা হয়েছে। আমাদের সতর্ক হতে হবে। সংসদকে আজ ‘খোয়াড়’ বলা হয়। কিন্তু আমরা একটি উজ্জ্বল সংসদ চাই।

জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দল যদি গোয়েবলস-এর থিওরি অনুসরণ করেন, তবে একটি মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যায়। আমরা গণতন্ত্রের পক্ষে যাবো, ষড়যন্ত্রের পক্ষে নয়। কারও চরিত্র হনন করার রেকর্ড আওয়ামী লীগেরই রয়েছে।

তিনি বলেন, আমরা কোন জঙ্গিবাদকে প্রশ্রয় দেইনি। সরকার ও বিরোধী দল এ ব্যাপারে আন্তরিক। তাই দেশে জঙ্গি তৎপরতা বন্ধ হয়েছে। আমরা আভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন করে বিদেশী শক্তির বন্ধুত্ব চাইবো না। বিদেশী শক্তির অভয়ারণ্য হতে দেবো না।

তিনি আরও বলেন, ক্ষমতার ঐক্য নয়, আমাদের জাতীয় ইস্যুতে ঐক্য দরকার।

আওয়ামী লীগের একাব্বর হোসেন বলেন, সংস্কার প্রস্তাব শুধু আওয়ামীলীগ নয়, গোটা জাতি চায়। ২০০১ সালের নির্বাচন হয়েছে, সেটি ছিল একটি পরিকল্পিত কারচুপির নির্বাচন।

তিনি কর্ণেল আকবরের বক্তব্যের বিষয়ে বলেন, তিনি অপ্রিয় হলেও সত্য কথাটি বলেছেন। নির্বাচনে ওসি ও টিএনও পক্ষে না থাকলেই বিজয়ী হওয়া যায়।

বিকাল পাঁচাটায় অধিবেশন আবার শুরু হলে রাস্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেন, রাষ্ট্রপতি তার ভাষণে দেশের সমস্যাসমূহ ধামাচাপা দিয়েছেন। তিনি নিজের চেয়ারকে রক্ষা করতে বদরুদ্দোজা চৌধুরীর মতো ভাগ্যবরণ করতে চাননি।

তিনি প্রশ্ন রেখে বলেন, বৃটেনে ৫০০ ভেড়া মারা যাওয়ার বৃটিশ পার্লামেন্টে এ নিয়ে দুদিন আলোচনা হয়েছে। কিন্তু ২১ আগস্টের গণহত্যার পর এ নিয়ে আমাদের সংসদে কোনো আলোচনা হয়নি। তাহলের আমাদের জীবনের মূল্য কি ভেড়ার চেয়েও কম?

জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী ‘রাষ্ট্রপতিকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ায় ধন্যবাদ জানিয়ে’ বলেন, তত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশে-বিদেমে গ্রহণযোগ্যতা পেয়েছে। তাই এ বিষয়ে কোনো প্রশ্ন তুললে তা ধোপে টিকবে না।

তিনি বলেন, এ দেশে তথাকথিত মৌলবাদের কোনো অস্তিত্ব নেই। তিনি আরা বলেন, মহানবীর (স.) ব্যঙ্গচিত্রের বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারলে ইসলামী জঙ্গিবাদের ইসুতেও ঐক্যবদ্ধ হতে পারি।

নিজামী বলেন, আফগানিস্তান ও বাংলাদেশের প্রেক্ষাপট এক নয়। এদেশে ধর্মের ভিত্তিতে দাঙ্গা-হাঙ্গামার কোনো ইতিহাস নেই। এ সরকারের আমলেও এমন কোনো নজির নেই। তাই সাম্প্রদায়িকতার অভিযোগ অমূলক।

ব্যারিস্টার মওদুদ আহমেদ বিরোধী সাংসদদের উদ্দেশ্য করে বলেন, যত খুশি তত বলুন, তবুও সংসদে থাকুন। তিনি বলেন, আওয়ামী লীগই রাষ্ট্রপতির ভাষন মন্ত্রী সভায় অনুমোদনের বিধান করেছে। তাই রাষ্ট্রপতির ভাষনের সমালোচনা করা তাদের উচিত হয় নি।

সংস্কার প্রস্তাব সম্পর্কে মওদুদ বলেন, নির্বাচিত হওয়ার পর আপনারা পাঁচ বছরে কোনও সংস্কার করেন নি। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য কোনও প্রস্তাব মানতে আমাদের কোনও আপত্তি নেই।

বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানের সম্পর্কে কটুক্তি না করার ব্যাপারে তিনি সমঝোতায় আসার জন্যে আওয়ামী লীগের প্রতি আহবান জানান। তিনি বলেন, কি লাভ ওই দুই নেতাকে নিয়ে কটুক্তি করে। তারেক ও জয় আগামী দিনের নেতা। তারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ও জিয়া কে বড় তা নিয়ে বিতর্ক করে লাভ নেই। শেখ মুজিবের স্থান কেউ কেড়ে নিতে পারবে না। তিনি চীরভাস্বর হয়ে থাকবেন। আওয়ামী লীগই তাকে বিতর্কিত করছে।

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেন, ১৯৯১ সালে আমরা যদি সাহাবুদ্দিন সাহেবের মতো একজন নিরপেক্ষ ব্যক্তি খুঁজে বের করে নিরপেক্ষ নির্বাচন করতে পারি, তাহলে এখন আমরা সংসদে ফিরে এসেছি, আসুন আমরা আলাপ-আলোচনার মাধ্যমে একজন গ্রহণযোগ্য ব্যক্তি খুঁজে বের করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করি।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হলে জনগণই রায় দেবে, কে ক্ষমতায় যাবে, আর কে ক্ষমতায় যাবে না।

তিনি আরো বলেন, আপনারা সেনা বাহিনী, শিক্ষক, প্রশাসন-কোনো ক্ষেত্রেই চাকরির বয়সসীমা বাড়ান নি। কিন্তু শুধুমাত্র একজনের জন্য প্রধান বিচারপতির চাকরির বয়স সীমা বাড়িয়েছেন। পর পর দুজনকে টপকে একজনকে আপনারা পদোন্নতি দিলেন। এটি কোনো?

এ কারণেই সংস্কারের দাবি উঠেছে।

মোহাম্মাদ নাসিম বলেন, আসুন সংঘাতের পথ পরিহার করে নির্বাচন কমিশন ও তত্বাবধায়ক পদ্ধতি সংস্কারের দাবি মেনে নেই।

তিনি বলেন, দেশের সার, বিদ্যুত, ডিজেলসহ নানান সংকটের জন্য আপনারাই দায়ী। কারণ আপনাদের পুরো ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। আপনাদের ভিন্ন ক্ষমতার কেন্দ্রবিন্দু তৈরী হয়েছে। চাটুকারের দল আপনাদের ঘিরে রেখেছে। এ সব বন্ধ না হলে কি হবে, তা আল্লাহই জানেন।

তিনি আরো বলেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম, তখন সন্ত্রাস দমনে ক্রসফায়ার করতে হয়নি। কিন্তু আপনারা নিজেরাই ক্রসফায়ারের নামে ক্ষমতা হাতে তুলে নিয়ে বিনা বিচারে মানুষ হত্যা করছেন।

সাবেক মন্ত্রী নাসিম বলেন, সরকার নিজেই বিচারের ভার হাতে তুলে নিলে শত শত বাঙলা ভাই সৃষ্টি হবেই। আমরা ১৯৭১ সারে আত্মঘাতি বোমা হামলার যে কাজ করতে পারিনি, এখন জঙ্গিরা কোন চেতনা বলে সেই আত্মঘাতি বোমা হামলা করছে?

সরকারের উদ্দেশে তিনি বলেন, জঙ্গি শব্দটির এখন জাতয়ি করণ করা হযেছে। জঙ্গি সৃষ্টি করেছেন আপনারাই।

তিনি বলেন, ক্ষমতা গঠনের পর ঘোষিত ১০০ দিনের কর্মসূচি আপানারা ১,৫৬০ দিনেও সফল করতে পারেননি। নাহলে কি ভাবে আপনারা নিজেদের সফল দাবি করেন?

এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আলাচনায় অংশ নেন বিএনপির কেএম ওবায়দুর রহমান, আওয়ামী লীগের সাইদুল হক প্রমুখ।