রাজশাহীতে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ঠিকাদারের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে সোমবার দুপুরে ক্ষমতাসীন স্থানীয় বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আহতদের মধ্যে বিএনপি কর্মী আবুল কালাম আজাদকে রাজশাহী মেডিকেল এবং আসলাম ও রহিম নামের দু’জনকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণের জন্য প্রায় চার কোটি টাকার কাজ পায় পদ্মা ট্রেডিং নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রায় তিন সপ্তাহ আগে এমপি নাদিম মোস্তফা গ্রুপের বলে পরিচিত কয়েকজন বিএনপি কর্মী ঠিকাদার বদিউজ্জামানের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
স্থানীয় বিএনপি রক্ষা কমিটি নামের অপর একটি গ্রুপ ঠিকাদারের পক্ষ নিয়ে চাঁদাবাজদের প্রতিরোধে এগিয়ে আসে। এ ঘটনার পর প্রায় দুই সপ্তাহ ধরে নির্মাণ কাজ বন্ধ ছিল বলে সূত্র জানায়।
সোমবার দুপুরে ঠিকাদারের পক্ষের লোকজন পুনরায় নির্মাণ কাজ শুরুর উদ্যোগ নিলে চাঁদাবাজরা বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
