সরকারের উন্নয়নে ভীত হয়ে বিরোধী দল ধ্বংসাত্মক রাজনীতি করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, সরকারের উন্নয়নে ভীত হয়ে বিরোধী দল জ্বালাও-পোড়াও-ভাংচুরের রাজনীতি করছে।
তিনি আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, উন্নয়নের ধারা বজায় রাখতে হলে সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে বাঘেরপাড়া মাঠে এক জনসভায় তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জোট সরকারের শাসনামলে মানুষের আয় বেড়েছে।
বিরোধী দলের সংসদে ফিরে আসাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আশা করি সংসদের মেয়াদের পুরো সময়টিই তারা সংসদে থেকে জনগণের কথা বলবেন।
কালীগঞ্জের বিএনপি দলীয় সাংসদ একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, কৃষিমন্ত্রী ও গাজীপুরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এমকে আনোয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তানবীর আহমদ সিদ্দিকী, যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, জেলা বিএনপি সভাপতি অধ্যাপক এমএ মান্নান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলাল প্রমুখ।
প্রধানমন্ত্রী বক্তব্যে তার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে বিরোধী দলের ধ্বংসাত্মক রাজনীতির সমালোচনা করেন।
প্রধানমন্ত্রী গাজীপুরের বোমা হামলার বিষয়টিকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে সন্ত্রাসের কোনও স্থান নেই। সন্ত্রাসীরা উন্নয়ন, গণতন্ত্র ও শান্তি বিরোধী। বোমাবাজদের অনেকেই ধরা পড়েছে। এদের বিচারের আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনের সাজাও হয়েছে।
তিনি বলেন, ১৪ কোটি মানুষের ২৮ কোটি হাতকে কর্মীর হাতে পরিণত করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে।
এছাড়া প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে আবারও সরকার গঠন করতে পারলে ডিগ্রি পর্যন্ত মেয়েদের জন্যে শিক্ষা অবৈতনিক করার প্রতিশ্রুতি দেন।
প্রধানমন্ত্রী জনসভায় বক্তব্যদানকালে শীতলক্ষ্যা নদীর ওপর উদ্বোধন করা ঘোড়াশাল সেতুর নাম পরিবর্তন করে ময়েজউদ্দীন সেতু করার ঘোষণা দেন।
