২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ, সার ও ডিজেল সংকটের প্রতিবাদে ঠাকুরগাঁও, জামালপুর, গাইবান্ধা ও নীলফামারীতে বিক্ষোভ

বাংলাদেশ কৃষক লীগ কানসাট হত্যাকাণ্ড, বিদ্যুৎ, সার ও ডিজেল সংকটের প্রতিবাদে সোমবার ঠাকুরগাঁও, জামালপুর, গাইবান্ধা ও নীলফামারীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 06:46 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বিডিনিউজ ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পুলিশের গুলিতে কৃষক নিহত হওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁও কৃষক লীগ তাদের কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করে।

কৃষক লীগ কিছু দাবি পূরণের লক্ষ্যে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে তারা একটি স্মারকলিপি পেশ করে। তাদের দাবির মধ্যে রয়েছে-অতিরিক্ত কর প্রত্যাহার, ইরি-বোরো মৌসুমে পর্যাপ্ত সেচ ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং লোডশেডিং হ্রাস করা।

কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে জেলা কৃষক লীগের সভাপতি সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার এ সময় উপস্থিত ছিলেন।

বিডিনিউজ জামালপুর প্রতিনিধি জানান, জেলায় ব্যাপক লোডশেডিংয়ের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। সেচ ব্যবস্থা চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আর সবচেয়ে বেশি বিপদে পড়েছে এবারের এসএসসি পরিক্ষার্থীরা। বিদ্যুৎ সরবরাহ অবিচ্ছিন্নভাবে না হওয়ায় তাদের পরীক্ষা প্রস্তুতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে।

বিদ্যুৎ সরবরাহের অপ্রতুলতার কারণে গ্রাহকরাও দিনে দিনে ক্ষুব্ধ হয়ে উঠছেন। বিদ্যুৎ সরবরাহ খুবই কম হওয়ায় কৃষকরা সেচ পাম্প চালাতে পারছে না। তারা ইরি-বোরো চাষের জন্যে জমিতে সেচ দিতে পারছে না। জেলার প্রত্যন্ত অঞ্চলের শত শত একর আবাদযোগ্য জমি এখন চৌচির হয়ে গেছে।

এদিকে জামালপুর কৃষক লীগ সোমবার বিদ্যুৎ সংকট অবসানের দাবিতে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে জামালপুর পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করা হয়। বিক্ষুব্ধ কৃষকরা প্রতিবাদ সমাবেশও করেছে।

বিডিনিউজ গাইবান্ধা প্রতিনিধি জানান, সীমাহীন বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে বিক্ষুব্ধ কৃষকরা জেলা শহরের বিদ্যুৎ অফিস ঘেরাও করে এবং বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। পরে চলতি ইরি-বোরো মৌসুমে সেচ বিপর্যয় রোধে জেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গাইবান্ধা নির্বাহী প্রকৌশলীর নিকট স্মারকলিপি প্রদান করে।

বিডিনিউজ সাভার প্রতিনিধি জানান, সাভার কৃষক লীগ বিদ্যুতের দাবিতে বেলা সাড়ে ১২টার দিকে মতিয়া চৌধুরীর নেতৃত্বে সাভার পল্লী বিদ্যুৎ সমিতি ঘেরাও করে। এসময় পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা নবীনগর কালিয়াকৈর সড়ক দুঘন্টার জন্যে অবরোধ করে। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, বিদ্যুতের লোডশেডিং, ডিজেল, সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ কনসাটে ১০ কৃষক হত্যার বিচারের দাবিতে নীলফামারী জেলা কৃষক লীগ সোমবার বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসন অফিস প্রাঙ্গণে সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপে দিয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, ক্ষেতের ফসল বাঁচাতে বিদ্যুতের দাবি নিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে যাওয়ার অপরাধে এই সরকার কনসাটে ১০ জন নীরিহ কৃষককে গুলি করে হত্যা করেছে। এই খুনী সরকার সার, ডিজেলসহ কৃষি উপকরণের মুল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ সরকারের একদিনও ক্ষমতায় থাকার অধিকার নেই।

সমাবেশে বক্তৃতা করেন জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সফিয়ার রহমান প্রামানিক, সাংগঠনিক সম্পাদক বিধুভূষণ রায়, কৃষক লীগ কেন্দ্রীয় নেতা খোকা রাম রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক প্রমুখ।