সংসদে বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরাম্যানদের ঢোকার অনুমতি দিতে বিরোধী দলের দাবি, সংসদে বিতর্ক
সংসদীয় কার্যক্রম নিয়ে বিটিভির পক্ষপাতমূলক সম্প্রচার, বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরা প্রবেশের দাবি, রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষক হত্যা মামলার আসামী শিবির নেতা সালেহীকে গ্রেপ্তারের দাবি এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত পাঠানোর বিষয় নিয়ে সোমবার সংসদে প্রায় এক ঘন্টা অনির্ধারিত বিতর্ক হয়।
বিরোধী দলের দাবির মুখে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার সরকারি ও বিরোধী দলের সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে সংসদে বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরা প্রবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান।
নির্ধারিত সময়ের প্রায় ১৭ মিনিট পর স্পিকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতেই ১৬২টি মূলতবি প্রস্তাবের নিষ্পত্তি শেষে পয়েন্ট অব অর্ডারে আওয়ামী লীগের ফারুক খান ফ্লোর নেন।
তিনি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরাম্যানদের সংসদে প্রবেশ করার দাবি করে বলেন, বিটিভি সরকারি দলের সাংসদদের যেভাবে দেখায়, বিরোধী দলকে সেভাবে দেখায় না। ‘তারা বিরোধী দলের সুন্দর চেহারা না দেখিয়ে সরকারি দলের কালো চেহারা দেখায়।’ বিভিন্ন উন্নত দেশে সংসদীয় কার্যক্রম সম্প্রচারে আধুনিক ব্যবস্থা রয়েছে।
তিনি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরাম্যানদের সংসদে প্রবেশ অথবা বিটিভিকে বাদ দিয়ে আধুনিক ব্যবস্থা গ্রহণের ব্যাপারে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।
স্পিকার তার জবাবে বলেন, সংসদীয় কার্যক্রমের শুরু থেকেই বিটিভিই সম্প্রচার করছে। কোন বেসরকারি চ্যানেলকে সম্প্রচারের সুযোগ দেওয়া হয়নি। তবে আগামীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া যেতে পারে কিনা, তা উভয় পক্ষের সাথে আলোচনা করে দেখতে হবে।
এছাড়াও আলোচনায় অংশ নেন আব্দুর রাজ্জাক, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান, আব্দুল মান্নান তালুকদার, দেলোয়ার হোসাইন সাঈদী, জয়নাল আবেদীন ফারুক, এমএম শাহীন, জিএম কাদের, শাহ রুহুল কুদ্দুস।
এমএম শাহীন ফারুক খানের প্রস্তাবকে সমর্থন করে বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে। স্পিকার সকল চ্যানেলকে সংসদে প্রবেশের সুযোগ দিয়ে আরো একটি ইতিহাস সৃষ্টি করতে পারেন।
আব্দুর রাজ্জাক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহের হত্যার আসামী শিবির নেতা সালেহীকে রক্ষায় শিবিরের সমাবেশ থেকে হুমকির কথা উল্লেখ করে বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চাই, দেশে কোনো আইন আছে কিনা? শিবির নেতারা রাজশাহীতে পুলিশ কমিশনারকে হুমকি দিয়ে বলেছে, সালেহীকে মামলা থেকে বাদ না দিলে তার কাপড় খুলে নেয়া হবে।
তিনি দেশের সকল সন্ত্রাস ও বোমা হামলার সাথে জামাত শিবির জড়িত বলে উল্লেখ করেন।
সরকারি দলের ফজলুর রহমান বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বক্তব্যের উল্লেখ করে বলেন, তিনি জঙ্গিদের মদদদাতা হিসেবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভিযুক্ত করেছেন। তিনি তার গ্রেপ্তারের দাবিও করেছেন। যা অত্যন্ত নিন্দনীয়।
তিনি বিরোধী দলীয় নেতাকর্মীদের সংযত হওয়ার আহ্বান জানান।
জাতীয় পার্টির (এ) জিএম কাদের আটকে পড়া পাকিস্তানিদের আত্মহনণ কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, দেশের ১৪টি জেলার ৭০টি ক্যাম্পে প্রায় এক লাখ ৩৮ হাজার আটকে পড়া পাকিস্তানি ৩৪ বছর ধরে বসবাস করছে। সেখানে তারা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। তারা পাকিস্তানে ফিরে যেতে চাইলেও সেদেশের সরকার তাদের দাবি অগ্রাহ্য করছে।
তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
