সংসদে সাধারণ আলোচনার ১৬২টি প্রস্তাব নাকচ করে দিলেন স্পিকার
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাংসদদের পক্ষ থেকে সংসদে ৬২ বিধিতে সাধারণ আলোচনার জন্যে দেওয়া ১৬৩টি মূলতবি প্রস্তাবের মধ্যে ১৬২টি প্রস্তাবই নাকচ করে দিয়েছেন। বাকী একটি প্রস্তাব নোটিশদাতা সাংসদ প্রত্যাহার করে নিয়েছেন।
সোমবার সকাল সোয়া ১১টায় সংসদের সকালের অধিবেশনে তিনি এ সম্পর্কে তার মতামত দেন।
আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট রহমত আলী, ফারুক খান, শামসুর রহমান শরীফ, শাজাহান খান, ডা. এম আমানুল্লাহ, পঞ্চানন বিশ্বাস ও জাতীয় পার্টির (এরশাদ) গোলাম মোহাম্মদ কাদের ওইসব নোটিশ দেন। এর মধ্যে শাজাহান খান একাই ৬০টি নোটিশ দিয়েছিলেন।
নোটিশের বিষয়বস্তুর মধ্যে রয়েছে নির্বাচন কমিশন দলীয়করণ, ভোটার তালিকা প্রণয়ন, ২১ আগস্ট গ্রেনেড হামলা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সার, ডিজেল ও বিদ্যুৎ সংকট, কানসাট হত্যাকাণ্ড, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায় কার্যকর, কিবরিয়া হত্যা মামলার বিচার, ভোক্তা স্বার্থ সংরক্ষণ আইন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার, রাজশাহীতে শিক্ষক হত্যার সাথে জড়িত শিবির নেতাকে গ্রেপ্তার, জামাত শিবিরের ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ, ডেনমার্কের সংবাদপত্রে মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রকাশের নিন্দা।
মূলতবি প্রস্তাবগুলো নাকচ করে দিয়ে স্পিকার বলেন, উত্থাপিত বিষয়ের মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ডেনমার্কের সংবাদপত্রে মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রকাশের ব্যাপারে সংসদে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ ব্যাপারে নিন্দা প্রস্তাবও নেয়া হয়েছে। অন্যান্য বিষয়ের অনেকগুলোই সাম্প্রতিক কোনো ঘটনা নয়। তাই ওই বিষয়ে প্রস্তাবগুলো গ্রহণ করা যায়নি।
তবে বিরোধী দলের সদস্যরা এসব বিষয়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় আলোচনা করতে পারবেন।
