অসহযোগ আন্দোলনে যাচ্ছে ১৪ দল: মেয়র মহিউদ্দিনের ঘোষণা
বিএনপি-জামায়াত জোট সরকারের পদত্যাগ, নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল শিগগিরই অসহযোগ আন্দোলনে যাচ্ছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ১ মার্চ চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠেয় ১৪ দলের মহাসমাবেশ থেকে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অসহযোগ আন্দোলনসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন।
চট্টগ্রামে অনুষ্ঠেয় মহাসমাবেশ উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন চৌধুরী জানান, আগামী ১ মে চট্টগ্রাম থেকেই শুরু হবে অসহযোগ আন্দোলনের সূচনা। জমির সমস্ত খাজনা বন্ধ করে দিয়ে এই কর্মসূচি শুরু করা হবে।
তিনি বলেন, পরবর্তীতে ১৪ দল ক্ষমতায় গেলে জমির অনাদেয় খাজনা মওকুফ করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারসহ ২৩ দফা দাবি আদায়ে গ্রেপ্তার, হয়রানি, গুলি-কোনো বাধাই মানা হবে না। যেখানেই বাধা, সেখানেই প্রতিরোধ-এই নীতিতে চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বৃহত্তর চট্টগ্রামের ১৪টি জেলা থেকে ১৪ দলের নেতাকর্মীদের মহাসমাবেশে নিয়ে আসতে এরই মধ্যে নেয়া হয়েছে ব্যপক প্রস্তুতি। সংশ্লিষ্ট ১৪টি জেলার থানা পর্যায়ে অভ্যর্থণা কেন্দ্র তৈরি করা হচ্ছে। মহাসমাবেশে যোগদানকারীরা যেখানেই বাধা পাবেন, সেখানে অবরোধ সৃষ্টি করবেন।
মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন, মহাসমাবেশ বানচাল করতে এরইমধ্যে পুলিশ ও সরকারি দলের ক্যাডার বাহিনী ১৪ দলের নেতাকর্মীদের হয়রানি করছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর বাহাদুর এমপি, সাবেক মন্ত্রী এমএ মান্নান, মোসলেম উদ্দিন আহমেদ, এমএ সালাম, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।
