এসসিবিএ নির্বাচন: নুরুল ইসলামকে সভাপতি, আবদুল্লাহ-আল মামুনকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দিয়েছে টিএইচ খানের আইনজীবী ফোরাম
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্যে অ্যাডভোকেট টিএইচ খান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিজেএএফ) থেকে সভাপতি পদে অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ব্যারিস্টার আবদুল্লাহ-আল মামুনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
অ্যাডভোকেট টিএইচ খানের সভাপতিত্বে রোববার এসসিবিএ’র একটি কক্ষে অনুষ্ঠিত বিজেএএফ’র সভায় এ প্যানেল গঠন করা হয়।
সভায় বিজেএএফ নেতা অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এমপি, অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূঁইয়া, ব্যারিস্টার জিয়াউর রহমান খান এমপি, অ্যাডভোকেট সাইদুর রহমান ও অ্যাডভোকেট ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় সহসভাপতির পদে অ্যাডভোকেট গোলাম আরশেদ ও অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আফজাল হোসেন, সহ-সাধারণ স¤পাদক পদে অ্যাডভোকেট এবিএম ইলিয়াস কচি এবং নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট শাহানারা বেগম শানুকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নির্ধারণ করা হয়।
একজন সহ-সাধারণ সম্পাদক এবং ছয়জন নির্বাহী সদস্য পদে মনোনয়ন দেওয়ার বিষয়টি এখন বিজেএএফ’র প্রক্রিয়াধীন রয়েছে।
তবে তাদের প্রতিদ্বন্দ্বি গ্রুপ যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ প্যানেল সমর্থন করেনি।
বিজেএএফ’র এ গ্রুপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদীন রোববার সাংবাদিকদের বলেন, এসসিবিএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তারা জাতীয়তাবাদী আইনজীবীদের সাথে আলোচনা করে শিগগিরই তাদের প্যানেল নির্ধারণ করবেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৪ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির এ নির্বাচন ২৯ ও ৩০ মার্চ অনুষ্ঠিত হবে।
প্রায় ১৬ হাজার আইনজীবী ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করেছেন বলে এসসিবিএ সূত্র জানায়।
