রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের উদ্ধত বক্তব্য: পুলিশ দিয়ে নয়, শিবির দিয়ে রাবি চালাতে হবে
‘রাজশাহী বিশ্ববিদ্যালয় চালাতে হলে পুলিশ দিয়ে নয়, শিবির দিয়ে চালাতে হবে, ভিসি আমরা আছি বলে আপনি ভিসিগিরি করছেন, আমরা না থাকলে আপনিও ভিসিগিরি করতে পরবেন না’।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.তাহের হত্যাকাণ্ডে শিবির সভাপতি সালেহীকে আসামী করার প্রতিবাদে, শিবিরের উদ্যেগে রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন গেটে ৪ ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘট কর্মসূচীতে শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ কথা বলেন।
সমাবেশে শিবিরের কেন্দ্রীয় নেতারা আরও বলেন, ৯৩ সালে শিবিরের ওপর হামলার পর বিএনপি সরকারকে ৯৬ সালের নির্বাচনে পরাজিত হতে হয়েছিল।
জোট সরকারের সমালোচনা করে শিবির নেতারা বলেন, আবার যদি শিবিরকে নিয়ে ষড়যন্ত্র চলে তবে জোট সরকারকে পুনরায় পরাজয় মেনে নিতে হবে। কারণ নির্বাচনে জোট সরকার কিভাবে ক্ষমতায় এসেছে তা আমরা জানি।
অবস্থান ধর্মঘটে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন, রাবি শাখার সাবেক সভাপতি মতিউর রহমান আকন্দ ও নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।
অবস্থান ধর্মঘট চলাকালে ক্যাম্পাসে ২৫ প্লাটুন আমর্ড পুলিশসহ গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়।
এসময় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করে।
এদিকে ড. তাহের হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার ক্যাম্পাসে প্রতিবাদী ছাত্র সমাজের ব্যানারে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
