২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় লোক দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: সংসদে আব্দুর রাজ্জাক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার দলীয় লোকদের নিয়ে আগামী নির্বাচন করতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 03:29 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

তাই তারা বিরোধী দলের সাথে আলোচনা না করেই নির্বাচন কমিশনের দলীয় লোকদের নিয়োগ করেছে। সরকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবেও দলীয় লোকদের নিয়োগ করতে চায়।

রোববার জাতীয় সংসদের সকালের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে গিয়ে তিনি একথা বলেন। স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বৈঠকে সভাপতিত্ব করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে, তাই নির্বাচন চায়। কিন্তু দলীয় লোক দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্য বিরোধী দলের সংস্কার প্রস্তাব সরকারকে মানতে হবে। দাবি না মেনে দলীয় লোক দিয়ে কোনো নির্বাচন দেশের মানুষ হতে দেবে না। এতে সৃষ্ট যে কোনো অবস্থার জন্য সরকারই দায়ী থাকবে।

আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করে বলেন, রাষ্ট্রপতির ভাষণের সরকারের নির্দেশিত কথা ছাড়া জাতির জন্য কোনো দিক নির্দেশনা নেই। তিনি শুধু দলীয় সরকারের প্রতিনিধি হিসেবে তার বক্তব্য রেখেছেন।

আব্দুর রাজ্জাক বলেন, এ সরকার আমলে দেশ চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর এ দুর্নীতির উৎস হচ্ছে হাওয়া ভবন। সেখানে ৭০ ভাগ কমিশন না দিলে কোনো কাজ হয় না। তারা ক্ষমতায় স্থায়ীকরণ, পারিবারিকীকরণ ও দেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে পরিনত করার চেষ্টা করছে।