সংস্কার প্রশ্নে প্রধানমন্ত্রীর জবাবের অপেক্ষায় আছি: হাসিনা
বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা রোববার বলেছেন, তিনি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কার প্রশ্নে-প্রদত্ত প্রস্তাবের ব্যপারে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জবাবের প্রতীক্ষায় রয়েছেন।
“দেখা যাক তিনি (বেগম জিয়া) কি উত্তর দেন”। দিনাজপুর থেকে ঢাকা ফেরার পথে বগুড়ার পর্যটন মোটেলে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা একথা জানান। তার দল ও অন্যান্য বিরোধী দলগুলোর একটি মহাসমাবেশ শনিবার দিনাজপুরে অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা বলেন, জনস্বার্থে তার দল জাতীয় সংসদে ফিরেছে এবং সংস্কার প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, “যদি আমাদের দাবী-দাওয়া পূরণ করা না হয়-আমরা কঠোর কর্মসূচীতে যাবো”।
শেখ হাসিনা বিএনপি-জামাত জোট সরকারকে সতর্ক করে বলেন, তার দল এবং দেশের জনগণ কোন নির্বাচন কারচুপি সহ্য করবে না।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য জনগণকে আন্দোলনে নামার একটি ডাক দেয়াই যথেষ্ট কারণ জনগণ রাজপথে নামার অপেক্ষায়।
এক প্রশ্নে জবাবে তিনি বলেন, তার দল সংসদে গিয়ে প্রস্তাব দিয়েছে যাতে সরকারী দল এমন অভিযোগ না করতে পারে যে, সংস্কার প্রস্তাব বিষয়টি সংসদে কেন উত্থাপন করা হলো না। এখন এই সংস্কার প্রস্তাবনা জাতীয় সংসদের দলিলে পরিণত হয়েছে। নিয়মানুসারে, সরকার এই প্রস্তাবের উপর কোন বিল না আনলে তা পাসও হবে না। সুতরাং সরকারকে অবশ্যই সংস্কার প্রস্তাবের উপর বিল আনতে হবে।
জঙ্গিবাদ বিষয়ে শেখ হাসিনা অভিযোগ করে বলেন, “খালেদা জিয়া জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছেন। ফলে যদি জঙ্গিবাদের জন্যে কাউকে গ্রেপ্তার করতে হয় তাহলে খালেদা জিয়াকেই সবার আগে গ্রেপ্তার করতে হবে। তিনি কেন তার মন্ত্রী ও দলীয় সাংসদদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও কোন ব্যবস্থা নিচ্ছেন না”?
দেশে কোন আইনের শাসন কার্যকর নেই বলে মত প্রকাশ করে বলেন, শেখ হাসিনা বলে, সার ও জ্বালানি সংকট, নিত্যব্যবহার্য দ্রব্যের মূল্যবৃদ্ধি, আইন-শৃঙ্খলার অবনতি এবং দুর্নীতি জনগণের জীবনকে দূর্বিষহ করে তুলেছে।
শেখ হাসিনা বলেন, “উত্তর জনপদের মানুষের সাথে কেন তিনি বৈরী ভাবাপন্ন” কেনই বা উত্তর জনপদের মানুষকে বাড়তি মূল্যে জ্বালানী কিনতে হবে”? তিনি বলেন, “উত্তরবঙ্গের মানুষ তাকে (খালেদা জিয়া) আর ক্ষমতায় দেখতে চায় না,-মহাসমাবেশে জনগণ এই সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে”।
দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে তিনি প্রধানমন্ত্রী ও তার পুত্র তারেক রহমানকে দায়ী করেন।
বিদ্যুৎ সংকট প্রশ্নে শেখ হাসিনা জানান, যদি সরকার পূর্ববর্তী আওয়ামী সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করতো তাহলে ২০০৬ সালে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দাঁড়াতো ৫৭০০ মেগাওয়াট। এর ফলে কোথাও কোন বিদ্যুৎ ঘাটতি থাকতো না। উপরন্তু তারা এক মেগাওয়াট বিদ্যুৎ ও উৎপাদন করতে পারেনি।
