প্রধানমন্ত্রীকে সংস্কার প্রস্তাব মানতেই হবে, নইলে জনগণ জানে কীভাবে দাবি আদায় করতে হয়
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সংস্কার প্রস্তাব মেনে নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, প্রস্তাব না মানলে জনগণ জানে, কীভাবে দাবি আদায় করতে হয়।
দিনাজপুরের গোরা শহীদ বড় ময়দানে ১৪ দলের মহাসমাবেশে সভাপতির বক্তব্যে শেখ হাসিনা একথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার সংস্কার প্রস্তাব যদি গ্রহণ না করা হয়, তাহলে এদেশের মানুষ আগামী সাধারণ নির্বাচনও মেনে নেবে না।
তিনি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, হামলা, মামলা ও হত্যা করে জনতার আন্দোলন ঠেকানো যাবে না।
তিনি বলেন, জনগণ এই সরকারকে আর দেখতে চায় না।
তিনি আওয়ামী লীগ আমলের সাথে বর্তমান সময়ের দ্রব্যমূল্যের তুলনা করে বলেন, এ সরকার যদি আবারও ক্ষমতায় আসে তাহলে ৪০ টাকা কেজি দরে চাল কিনতে হবে।
তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচনে কারচুপি করার লক্ষ্যে সরকার আওয়ামী লীগ নেতাকর্মী ও মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের বাদ দিয়ে ভোটার তালিকা প্রণয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, দেশে ১১১জন গডফাদার রয়েছে। এই সরকার ইসলামের নামে বোমা মেরে নিরীহ মানুষ হত্যাকারী বাংলাভাই ও শায়খ আবদুর রহমানকে সৃষ্টি করেছে।
কৃষি খাতে সরকারের ১৩০০ টাকা ভর্তুকি দেওয়ার ব্যাপারে প্রশ্ন তুলে তিনি বলেন, আমরা মাত্র ১০০টাকা ভর্তুকি দিয়েছিলাম। তখন তো উত্তরবঙ্গে কোনও মঙ্গা ছিল না।
দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জবাবে তিনি বলেন, উন্নয়ন হয়েছে শুধু প্রধানমন্ত্রীর পরিবার, তার পুত্র, এমপি ও মন্ত্রীদের কিন্তু দিনাজপুরের মানুষ ও দেশের কোনও উন্নয়ন হয়নি।
জনগণ এ উন্নয়ন চায় না। জনগণ চায় সার, ডিজেল ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ, দু’বেলা পেট ভরে ভাত খেতে।
তিনি বলেন, উত্তরবঙ্গসহ গোটা দেশ ভয়াবহ সার, ডিজেল ও বিদ্যুৎ সঙ্কটের মুখোমুখি।
তিনি অভিযোগ করেন, যুবদল ক্যাডাররা সার চুরি করছে, যে কারণে উত্তরাঞ্চলে কৃষি কাজ ব্যাহত হচ্ছে।
মহাসমাবেশ থেকে শেখ হাসিনা সার, ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত রাজপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।
মহাসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, তোফায়েল আহমেদ, আব্দুল জলিল, হাসানুল হক ইনু, সাইফুদ্দিন আহমেদ মানিক, সুরঞ্জিত সেন গুপ্ত, বিমল বিশ্বাস, মতিয়া চৌধুরী, ড. মহিউদ্দিন খান আলমগীর, মোহাম্মদ নাসিম, দিলীপ বড়–য়া, পঙ্কজ ভট্টাচার্য, ওবায়দুল কাদের, ফজলে হোসেন বাদশাহ, আসাদুজ্জামান নূর, মাহমুদুর রহমান মান্না, আক্তারুজ্জামান ও স্থানীয় নেতৃবৃন্দ।
