২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় চলছে ব্যক্তিগত আক্রমণ

সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় সরকার ও বিরোধী দলীয় সাংসদরা পরস্পরের প্রতি কাঁদা ছোঁড়াছুঁড়ি ও ব্যক্তিগত আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সরকার দলীয় সাংসদরা রাষ্ট্রপতির ভাষণকে ভবিষ্যতের কর্মপরিকল্পনা হিসেবে উল্লেখ করে বলেছেন, বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে মাঠ গরম করতে চায়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার হোক বা মস্তিস্কের সংস্কারই হোক, এসব কিছু নয়। মূল কথা হচ্ছে ক্ষমতায় যাওয়া।

অপরদিকে আওয়ামী লীগের সাংসদরা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে দলীয়করণ ও দূর্নীতির অভিযোগ তুলে বলেছেন, রাষ্ট্রপতির ভাষণ হচ্ছে প্রধানমন্ত্রীর ভাষণের সংকলন। মাত্র এক ঘন্টার ব্যবধানে ‘বি চৌধুরীর’ পরিণতি দেখেই তিনি এ ধরণের বক্তব্য দিয়েছেন।

বৃহস্পতিবার সকালের বৈঠকে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করেন বিএনপির অধ্যাপক মোহাম্মদ ইউনুছ, সৈয়দা নার্গিস আলী ও রেহানা আক্তার রানু, আওয়ামী লীগের আখম জাহাঙ্গীর হোসাইন, মির্জা আযম ও আতিউর রহমান আতিক, জাতীয় পার্টির (এরশাদ) হাফিজউদ্দিন আহমেদ এবং জামাতে ইসলামীর শাহানারা বেগম।

বিরোধী দলের সাংসদ আতিক বলেন, সরকারের মন্ত্রীরা বিভিন্ন পর্যায়ে দূর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন। তাদের কারণেই বাংলাদেশ দূর্নীতিতে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। তাদের মন্ত্রিসভা থেকে বহিস্কার করা হোক।

জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহমেদ বলেন, সংসদে সরকার ও প্রধান বিরোধী দলের পক্ষ দেশের মানুষের দূর্ভোগের কথা বলা হচ্ছে না। শুধু দুই দলের নেতানেত্রীদের গুণকীর্তন চলছে। তারা কেউ কৃষকের দুঃখ ও কষ্টের কথা বলেন না। সারাদেশে সার, বিদ্যুত ও ডিজেল নিয়ে যা চলছে, তার কথা কেউ বলে না।

বিকেলে ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করেন বিএনপির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, সর্দার সাখাওয়াত হোসেন বকুল, মোহাম্মদ শাজাহান, আবু লেইছ মুবিন চৌধুরী, আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক, ফারুক খান, আব্দুল হাই, জাতীয় পার্টির (এরশাদ) গোলাম হাবিব দুলাল, জামায়াতের আজিজুর রহমান চৌধুরী ও স্বতন্ত্র সাংসদ মনোরঞ্জন শীল গোপাল।

জাতীয় পার্টির (এরশাদ) গোলাম হাবিব দুলাল বিরাজমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার ও বিরোধী দল পরস্পরকে তাদের অদক্ষতা, অযোগ্যতা ও দুর্নীতির জন্যে আক্রমণ করছে। ৯০’র পর থেকে সরকারগুলোর ব্যর্থতায় জাতির মধ্যে হাতাশার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সারের মুজদ হয়তো সরকারের রয়েছে, তবে এর বন্টন ঠিকমতো হচ্ছে না। জিজেলের দাম বেড়েছে। এ নিয়ে কৃষকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। জ্বালানি উপদেষ্টার বক্তব্য সঠিক নয়।

তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণটি হচ্ছে সরকারি দলিল। কারণ সংবিধান অনুযায়ী তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কিছুইকরতে পারেন না। তাই এতে জাতির আশা-আকাক্সক্ষার বাস্তব চিত্র প্রতিফলিত না হওয়ায় হতাশা ব্যক্ত করি।

জঙ্গি ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, বাংলা ভাই কার মদদে রয়েছে, এটি জাতি জানে। আগে মন্ত্রী বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি বলে উল্লেখ করেছিলেন। কিন্তু বাংলা ভাইকে পাওয়া গেছে।

আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিদ্যুতের উৎপাদন ১৬০০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ৪৩০০ মেগাওয়াটে উন্নীত করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ১০০ মেগাওয়াটও উৎপাদন করতে পারেনি। এটি তাদের ব্যর্থতা। তিনি বিভিন্ন হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, যে-ই অপরাধ করুক, তার জন্যে আওয়ামী লীগকে দায়ী করা হয়। এজন্যে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়। আওয়ামী লীগ নেতারা যদি অপরাধী হয়, তাহলে তাদের গ্রেপ্তার করা হয় না কেন?

আওয়ামী লীগের আব্দুল হাই বলেন, শপথ গ্রহণের পরও রাষ্ট্রপতি তার নিরপেক্ষতা ধরে রাখতে পারেননি। তিনি নির্ভীক চিত্তে সত্য কথা তুলে ধরতে পারেননি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে খন্দকার মোস্তাক ক্ষমতায় আসলেও এর মূল্য সুবিধাভোগী ছিল আজকের বিএনপি।

তিনি সুষ্ঠু নির্বাচনের জন্যে তত্ত্বাবধায়ক সরকারের ত্রুটি বিচ্যুতি সংস্কার করার দাবি জানান।

বিএনপির আবু লেইছ মোহাম্মদ মুবিন চৌধুরী তার বক্তব্যে বলেন, তারা জোট সরকারের অপসারণের জন্যে আন্দোলন করছে। জোট সরকার অপসারিত হলেই নাকি সমস্যার সমাধান হবে। এটি তারা কোনও দিন পারবে কিনা, আমি জানি না।

মনি স্বপন দেওয়ান বর্তমান সরকার আমলে পার্বত্য এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বিগত সরকার আমলে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর হলেও কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার সেখানে দাতাদের সহায়তায় বিনিয়োগ করছে। পার্বত্য এলাকার সৌন্দর্য্য ও সম্পদকে কাজে লাগানোর ব্যবস্থা নিয়েছে।

ফারুক খান বলেন, রাষ্ট্রপতি তার ভাষণে সাংসদদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে সংবিধান লংঘণ করেছেন। তিনি ইতিহাস বিকৃতি ও অসত্য তথ্য সংসদে উপস্থাপন করেছেন।

তিনি বলেন, বর্তমান সরকার আমলেই দেশে জঙ্গি তৎপরতা শুরু হয়েছে। বর্তমান সরকারই তাদের মদদদাতা। তারা আগামী নির্বাচনে জঙ্গিদের ব্যবহার করার জন্য তাদের গ্রেফতার করছে না।

সংসদের বৈঠক আগামী রোববার সকাল ১১টা পর্যন্ত মূলতবি করা হয়েছে।