হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিলের শুনানী ৩য় বারের মতো স্থগিত
ভোটার তালিকা প্রণয়নের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দায়ের করা আপিলের শুনানী সুপ্রিমকোর্ট বৃহস্পতিবার সকালে তৃতীয় বারের মতো স্থগিত করেছে।
আপিলেট ডিভিশনের বিচারক বিচারপতি এমএম রুহুল আমিন অসুস্থতাজনিত কারণে শুনানীতে অনুপস্থিত থাকায় এই স্থগিতাদেশ প্রদান করা হয়।
পরবর্তি শুনানীর দিন ধার্য হয়েছে ২ মার্চ।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাস্সির হুসাইনের নেতৃত্বে আপিলেট ডিভিশনের পাঁচ জন বিচারক বৃহস্পতিবারের শুনানীর সময় উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি বলেন, আমাদের এক সহকর্মী বিজ্ঞ বিচারক অসুস্থতাজনিত কারণে াদালতে উপস্থিত হতে পারেননি। তাই শুনানীর দিন ২ মার্চ পর্যন্ত স্থগিত করা হলো।
এ সময় নির্বাচন কমিশনের পক্ষে এ্যাডভোকেট টিএইচ খান ও এ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এবং রিট পিটিশনারকারীদের পক্ষে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে ১৯ ফেব্রুয়ারি একই কারণে শুনানী দ্বিতীয় বারের মতো ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ ৫ ফেব্রুয়ারি মূল আপিল পিটিশনের সাথে একটি সম্পূরক পিটিশন দায়ের করেন। এ বিষয়ে শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় জন বিচারপতি সমন্বয়ে গঠিত আপিলেট ডিভিশনের পুরো বেঞ্চ ১৯ ফেব্রুয়ারি শুনানীর তারিখ ধার্য করে।
ভোটার তালিকা প্রণয়নের বিষয়ে হাইকোর্টের দেয়া পর্যবেক্ষণমূলক আদেশের তিনটি নির্দেশনা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশন ১ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টে আপিল করে।
হাইকোর্টের ওই নির্দেশনায় পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য ২০০০ সালে প্রণীত ভোটার তালিকাকে ভিত্তি ধরে ভোটার তালিকা প্রনয়ণ করতে বলা হয়।
হাইকোর্টের আদেশে বলা হয়, সংশোধিত ভোটার তালিকায় নতুন করে অর্ন্তভুক্ত হবার যোগ্যতা অর্জন করেছেন এমন ব্যক্তিকে ভোটার করতে হবে এবং যারা মারা গেছেন বা পাগল হয়ে গেছেন তাদের বাদ দিতে হবে।
