সংসদে বিরোধী দলের আপত্তি সত্বেও পিএসসি’র বেতন বৃদ্ধির বিল পাস
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাংসদদের তীব্র আপত্তি সত্বেও বুধবার সংসদের বৈঠকে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত দি মেম্বার্স অব দি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (টার্মস অ্যান্ড কন্ডিশনস অব সার্ভিস) (সংশোধন) বিল, ২০০৬ পাস করা হয়।
একই সঙ্গে বিরোধী দল পিএসসি’র সদস্যদের বিরুদ্ধে দূর্নীতি ও অযোগ্যতার অভিযোগ আনে।
এই আইন পাশ হওয়ার পর এখন পিএসসির চেয়ারম্যান ১৫ হাজার ৩৭৫ টাকার পরিবর্তে ২৩ হাজার ৭৫০ টাকা এবং সদস্যগণ ১৩ হাজার ৫০০ টাকার পরিবর্তে ২০ হাজার ৭০০ টাকা বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।
সংসদে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক বিলটি পাসের জন্য উত্থাপণ করলে তিনি বিরোধী দলের সাংসদদের প্রবল আপত্তির মুখে পড়েন।
বিলটি বাতিল ও জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়ে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট রহমত আলী, ফারুক খান, পঞ্চানন বিশ্বাস, শাজাহান খান ও শামসুর রহমান শরীফ।
এ সময় জনমত যাচাইয়ের প্রস্তাব সম্বলিত নোটিশ দেওয়ার পরও আলোচনার সুযোগ না পাওয়ায় বিরোধী দলীয় চিফ হুইপ আব্দুস শহীদ ও মির্জা আযম চিৎকার করে এর প্রতিবাদ করেন।
এছাড়া বিলটির কয়েকটি দফার ওপর সংশোধনী প্রস্তাব এনে আলোচনা করে আওয়ামী লীগের অ্যাডভোকেট রহমত আলী ও স্বতন্ত্র সাংসদ এমএম শাহীন। তাদের সংশোধনীগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
বিরোধী দলের সাংসদরা বলেন, পিএসসির সদস্যরা নিয়োগের পর থেকেই তাদের নিরপেক্ষতা হারিয়েছেন। তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে দিক নির্দেশনা চেয়েছেন।
তারা বলেন, বর্তমান সরকারের আমলে পিএসসির মাধ্যমে অনুষ্ঠিত সব কয়েকটি পরীক্ষাতে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ফলে অযোগ্য ও দলীয় ব্যক্তিরা বিভিন্ন পদে নিয়োগের সুযোগ পাচ্ছে।
তারা প্রশ্ন রেখে বলেন, পিএসপির সদস্যরা এমনিতেই দূর্নীতির আশ্রয় নিয়ে আয় করছেন। তাদের বেতন ও সুবিধা বৃদ্ধির আর কি দরকার?
বিরোধী দলীয় সাংসদরা বলেন, পিএসসির সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধি করে সরকার আরো বেশি দূর্নীতির সুযোগ সৃষ্টি করছে। এর নেপথ্য কারণ হচ্ছে, তাদের অনেকেই বিএনপির পক্ষে আগামী নির্বাচনে অংশ নেবেন।
এ সব বক্তব্যের জবাবে ব্যারিস্টার আমিনুল হক বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা বৃদ্ধির জন্যই ওই বিলটি আনা হয়েছে। এখানে দূর্নীতির কোনো সুযোগ নেই।
তিনি বলেন, সরকার কোনো উদ্যোগ নিলেই বিরোধী দল দলীয়করণ ও দূর্নীতির অভিযোগ করে। কিন্তু তারা যা করে, তার সবই ভালো। এটি হতে পারে না।
