সংস্কার ছাড়া অবাধ নির্বাচন হবে না: শেখ হাসিনা, যুক্তরাষ্ট্র চায় অবাধ নির্বাচন: ক্রাউলি
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ছাড়া দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
মার্কিন কংগ্রেসম্যান ও বাংলাদেশ ককাসের কো- চেয়ারম্যান জোসেফ ক্রাউলি বুধবার তার সঙ্গে সুধাসদনে সাক্ষাৎ করতে এলে হাসিনা এ কথা বলেন।
ক্রাউলি শেখ হাসিনাকে জানান, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক এটা। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কিভাবে সহায়তা করা যায় এ ব্যাপারে তিনি আওয়ামী লীগ নেতাদের কাছে জানতে চান।
সূত্র বিডিনিউজকে জানায়, প্রায় এক ঘন্টার এ বৈঠকে আইন শৃংখলার অবনতি, মানবাধিকার লঙ্ঘন, আইনের শাসনহীনতা, বিরোধী দলের নেতা কর্মীদের ওপর অত্যাচার, নির্যাতন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দুর্নীতি, সন্ত্রাসসহ দেশের সার্বিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কথা তুলে ধরেন শেখ হাসিনা।
বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গণতন্ত্র চর্চা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে অবাধ নিরপেক্ষ নির্বাচন আমাদের লক্ষ্য। এ কারণেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বিরোধী দলের পক্ষে সংস্কার প্রস্তাব উত্থাপন করেছেন। এই সংস্কার ছাড়া যে অবাধ নির্বাচন আদৌ সম্ভব নয়, এ বিষয়টি আমরা মার্কিন কংগ্রেসম্যানকে অবহিত করেছি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী প্রতিক্রিয়াশীল জঙ্গি মৌলবাদের উত্থান, অপশাসন এবং দুর্নীতি করে রাষ্ট্রীয় অর্থ সম্পদ কুক্ষিগত করার বিষয়গুলো উন্নয়নের জন্য প্রধান বাধা। আওয়ামী লীগের পক্ষে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। মার্কিন কংগ্রেসম্যানও এতে একমত পোষণ করে বলে তিনি জানান।
আব্দুল জলিল বলেন, আওয়ামী লীগ শাসনামলে আমরা সুশাসন নিশ্চিত করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং দেশকে প্রবৃদ্ধি ও অগ্রগতির পথে নিয়ে যেতে সক্ষম হয়েছিলাম। কিন্তু জোট সরকারের দুর্নীতির কারণে দেশের সামগ্রিক অগ্রগতির পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়গুলোও আমরা তাকে অবহিত করেছি।
শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের কোটা ও শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করার ব্যাপারে বাংলাদেশ ককাসের কো- চেয়ারম্যান জোসেফ ক্রাউলির সহযোগিতা কামনা করেন। মার্কিন কংগ্রেসম্যান জানান, তারা দলীয় পর্যায়ে বিষয়টি আলোচনা করে এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখতে চেষ্টা করবেন।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, ড. মহিউদ্দিন খান আলমগীর, সাবেক কূটনীতিক ফারুক চৌধুরী এবং ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিস শামাস এ সময় উপস্থিত ছিলেন।
