ছাগলনাইয়ায় নিহত পৌর বিএনপি নেতার দাফন সম্পন্ন, জানাজায় মানুষের ঢল, বিচার দাবিতে মিছিল
ফেনীর ছাগলনাইয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদুল হাই মুন্নার দাফন মঙ্গলবার বিকেলে সম্পন্ন হয়েছে।
ছাগলনাইয়া পাইলট হাই স্কুল মাঠে এর আগে নিহতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ফেনী- ১ ও ফেনী- ২ আসনের জাতীয় সংসদ সদস্যহ বিএনপির নেতাকর্মী ও হাজার হাজার মানুষ অংশ নেয়।
মঙ্গলবার বিকেলে পাইলট হাই স্কুল মাঠে বিশাল জানাজায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফেনী আসনের সাংসদ মেজর (অব.) সাঈদ ইস্কান্দার ও নিহতের বড় ভাই জাতীয় ছাত্রদলের সাবেক কেন্দ্র্রীয় সভাপতি অ্যডভোকেট মনসুরুল হাই সোহন।
বক্তব্যে সাংসদ ইস্কান্দার এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেন।
জানাজার পর পর একটি মৌন মিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা, থানা ও পৌর বিএনপির নেতারা বক্তব্য রাখেন। তারা মুন্নার হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
এদিকে ক্ষমতাসীন বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে সোমবার রাত থেকেই বিভিন্ন এলাকায় খন্ড খন্ড বিক্ষোভ মিছিল চলছে। ফেনী শহরের বিভিন্ন এলাকা থেকে ছাত্র ও যুবদলের উদ্যোগে একাধিক প্রতিবাদ মিছিল বের হয়। হত্যাকাণ্ডের প্রতিবাদে পরশুরাম ও ফুলগাজীতেও মিছিল হয়েছে।
পরশুরামে দলের উত্তেজিত কর্মীরা বঙ্গবন্ধু পরিষদের আসবাবপত্র ভাংচুর করে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে চলতে ছাগলনাইয়ার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে পেপাল ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে মহিউদ্দিন ও মুছা মিয়াসহ তিনজনকে আটক করেছে। এর আগে সোমবার রাতে করের হাট এলাকাবাসী পালিয়ে যাওয়া গাড়িচালক দুলাল ও আনোয়ার জামিলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এদিকে বঙ্গবন্ধু পরিষদের আসবাবপত্র ভাংচুরের প্রতিবাদে পরশুরাম শহীদ মিনার চত্বরে মঙ্গলবার প্রতিবাদ সমাবেশ হয়েছে।
উল্লেখ্য, অজ্ঞাতনামা বন্দুকধারীরা সোমবার রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে ছাগলনাইয়া কলেজ রোড এলাকায় মুন্নাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
