সিরাজগঞ্জে ছাত্রদল-ছাত্রলীগ দিনভর সংঘর্ষ, আহত ৪০, প্রতিবাদে আ.লীগের ডাকে বুধবার কাজীপুরে হরতাল
সিরাজগঞ্জের কাজীপুরে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে দিনভর সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগ সভাপতিসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ কাজীপুরে বুধবার সকাল- সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।
সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ নেতা মো: ইসমাইল হোসেনের অবস্থা আশংকাজনক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ উভয় পক্ষের সাতজনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার মাইজ বাড়িতে ছাত্রদল ও ছাত্রলীগের কয়কজন কর্মীর মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হয়।
এ ঘটনার জের ধরে দুপুর সাড়ে ১২ টার দিকে আবারো মেঘাই নতুন বাজার এলাকায় দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর ১টা সংঘর্ষ চলে।
দ্বিতীয় দফা হামলার সময় ছাত্রদল কর্মীরা আওয়ামী লীগ সভাপতি ইসমাইলকে কুপিয়ে আহত করে। এ সময় আহত হয় ইসমাইলসহ ১০ জন।
দ্বিতীয় দফা সংঘর্ষের পর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা কর্মীরা বিএনপির প্রচার সম্পাদক বাবুল মেম্বারের বাড়িতে অগ্নি সংযোগ করে। এছাড়া ঢেকুরিয়াগ্রামের আরও তিনজন বিএনপি নেতা কর্মীর বাড়ি ভাংচুর করে।
ঘটনার এক পর্যায়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ মিনু ও জামাত সভাপতি হাছান মিয়া ও সেক্রেটারি মন্টু মিয়া লাঞ্ছিত হন।
এ ঘটনার পর বিএনপি, যুবদল ও ছাত্রদল কর্মীরা আরও এক দফা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ছাত্রলীগ সভাপতি শফিউল ইসলাম শফিসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়।
এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
