সিরাজগঞ্জের কাজীপুরে ছাত্রদল- ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১৫, প্রতিবাদে আ.লীগের ডাকে বুধবার কাজীপুরে হরতাল
সিরাজগঞ্জের কাজীপুরে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগ সভাপতিসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ কাজীপুরে বুধবার সকাল- সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।
সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ নেতা মো: ইসমাইল হোসেনের অবস্থা আশংকাজনক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার মাইঝ বাড়িতে ছাত্রদল ও ছাত্রলীগের কয়কজন কর্মীর মধ্যে মারপিটের ঘটনার জের ধরে দুপুর সাড়ে ১২ টার দিকে আবারো মেঘাই নতুন বাজার এলাকায় দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
দ্বিতীয় দফা হামলার সময় ছাত্রদল কর্মীরা আওয়ামী লীগ সভাপতি ইসমাইলকে ছাত্রদল নেতারা কুপিয়ে আহত করে।
ওই ঘটনার পর আওয়ামী লীগ কর্মীরা মেঘাই নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠি চার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয়। এ সময় পুলিশ ছাত্রলীগ নেতা আবদুল আওয়াল ও মতিনসহ চারজনকে আটক করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
